
সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ শুক্রবার সরকারি সফরে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আগামীকাল শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য এশিয়া অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) ৪২তম সাধারণ সভায় যোগ দেবেন তিনি।
আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সভায় এশিয়ার বিভিন্ন দেশের ৪৫টি জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিরা অংশ নেবেন।
সভায় অংশ নেওয়া ছাড়াও ওসিএর নির্বাহী কমিটির নির্বাচনে (২০২৩-২৭) ভোট দেবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেই সঙ্গে বিভিন্ন দেশ থেকে যাওয়া অতিথিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। সফর শেষে ১১ জুলাই সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।