পবিত্র ঈদুল আজহার আগে চট্টগ্রামে পাইকারি পর্যায়ে বেড়েছে জিরা, দারুচিনি, লবঙ্গ, পেঁয়াজ, রসুন ও আদার দাম।
আজ সোমবার চট্টগ্রামের বৃহত্তর পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জের মসলা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
ব্যবসায়ীদের তথ্যমতে, গত চার দিনে পাইকারি পর্যায়ে কেজিতে ১০০ টাকা বেড়েছে জিরার দাম। গত বৃহস্পতিবার প্রতি কেজি জিরা ৮২০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হয়েছিল। আজ এই দাম বেড়ে দাঁড়িয়েছে ৯২০ থেকে ৯৫০ টাকা।
পাইকারি পর্যায়ে বাজারে প্রতি কেজি দারুচিনি ৩১২ থেকে ৩৭৫ টাকায় বিক্রি হচ্ছে। গত বৃহস্পতিবার দাম ছিল ৩০২ থেকে ৩৫০ টাকা।
পাইকারিতে ৬০ টাকা বেড়ে প্রতি কেজি লবঙ্গ বিক্রি হচ্ছে ১ হাজার ৪৮০ টাকায়।
তবে পাইকারি পর্যায়ে এলাচের দাম কমেছে। চার দিনের ব্যবধানে সাধারণ মানের এলাচির দাম কেজিতে কমেছে অন্তত ১৮০ টাকা। বর্তমানে পাইকারিতে কেজি প্রতি এলাচি বিক্রি হচ্ছে ১ হাজার ২২০ থেকে ১ হাজার ৩৮০ টাকায়।
পাইকারি পর্যায়ে ৬৩০ টাকা কেজিতে অপরিবর্তিত রয়েছে গোলমরিচের দাম।
খাতুনগঞ্জ হামিদুল্লাহ মিয়া মার্কেটের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস প্রথম আলোকে বলেন, অন্য মসলার তুলনায় জিরার দাম একটু বেশি বেড়েছে। ভারতের বাজারে জিরার দাম বাড়লে তার প্রভাব দেশে পড়ে। কারণ, জিরা পুরোপুরি আমদানিনির্ভর পণ্য। তা ছাড়া ডলারের মূল্যবৃদ্ধি, পরিবহন খরচ বেড়ে যাওয়াসহ নানা কারণে জিরার বাজারে প্রভাব পড়েছে।
গত সপ্তাহে পাইকারি বাজারে প্রতি কেজি রসুন বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৩০ টাকা। আজ দাম বেড়েছে দাঁড়িয়েছে ১৫০ টাকা।
পাইকারিতে মানভেদে আদার দাম বেড়েছে ৮০ থেকে ১০০ টাকা। বর্তমানে প্রতি কেজি আদা ২২০ থেকে ২৭৫ টাকায় বিক্রি হচ্ছে।
৩ থেকে ৫ টাকা বেড়ে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজের দাম দাঁড়িয়েছে ২৫ থেকে ৩৬ টাকা।
তবে পাইকারিতে পরিবর্তন হয়নি ধনে, শুকনা মরিচ ও হলুদের দাম। বর্তমানে প্রতি কেজি ধনে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। শুকনো মরিচ ৩০০ থেকে ৪০০ টাকায়। হলুদ ১২৫ থেকে ১৩৫ টাকায় বিক্রি হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, গত কোরবানির ঈদের তুলনায় এবার সব মসলার দাম বেড়েছে।
চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আহসান খালেদ প্রথম আলোকে বলেন, স্থলবন্দর দিয়ে যেসব মসলা দেশে আসে, সেগুলোর ক্ষেত্রে পরিবহন খরচ বেড়েছে। পাশাপাশি কোরবানির আগে ব্যবসায়ী ও আমদানিকারকেরা বেশি মুনাফার আশায় দাম কিছুটা বাড়িয়েছেন। এ কারণে পাইকারি বাজারে প্রভাব পড়েছে।
চট্টগ্রাম নগরের তিনটি খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, মসলার পাইকারি দামের প্রভাব এখনো খুচরায় পড়েনি। এখনো আগের দামেই খুচরায় মসলা বিক্রি হচ্ছে।
বহদ্দারহাট বাজারের ফরিদ স্টোরের কর্ণধার মুহাম্মদ ফরিদুল হক প্রথম আলোকে বলেন, খুচরায় বিক্রির জন্য দু-তিন দিন পরপর খাতুনগঞ্জ থেকে পণ্য কেনা হয়। ফলে পাইকারির দামের প্রভাব খুচরায় পড়তে একটু সময় লাগে। অধিকাংশ খুচরা বিক্রেতা গত বৃহস্পতিবার মসলা কিনেছেন। তাই তাঁরা আগের দামেই মসলা বিক্রি করছেন।
খুচরা পর্যায়ে প্রতি ১০০ গ্রাম জিরা ৯০ টাকা, লবঙ্গ ১৪০ থেকে ১৪৫, এলাচি ১৬০, দারুচিনি ৪০ থেকে ৫০ ও গোলমরিচ ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরায় প্রতি কেজি পেঁয়াজ ৪৫ থেকে ৫৫ টাকা, রসুন ১৫০ থেকে ১৬০ টাকা, আদা ২৮০ থেকে ৩২০ টাকা, শুকনা মরিচ ৪০০ থেকে ৫০০ টাকা, ধনে ২৩০ থেকে ২৫০ টাকা ও মানভেদে হলুদ ১৯০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন প্রথম আলোকে বলেন, কোরবানির আগে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে মসলার দাম বাড়িয়ে দেন। শুধু অতিরিক্ত মুনাফা লাভের আশায় তাঁরা ভোক্তাদের চাপে ফেলেন। বাজার তদারকির দায়িত্বে যেসব সরকারি সংস্থা রয়েছে, তাদের উচিত ঠিকভাবে দায়িত্ব পালন করা, ব্যবস্থা নেওয়া।