স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তাঁর স্ত্রী মনু ভার্মা। বৃহস্পতিবার তাঁরা ফাউন্ডেশন–সমর্থিত সুবিধাবঞ্চিত শিশুদের হাতে খাদ্যসামগ্রী, বই ও উপহার তুলে দেন। পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উদ্যাপনের অংশ হিসেবে তাঁরা সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকমিশনার তাঁর বক্তব্যে মানবতার মর্ম, সহানুভূতি ও একে অপরের প্রতি সমর্থনকে ঈদ উৎসবের মূল বার্তা হিসেবে তুলে ধরেন। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জীবনযাত্রার উন্নয়নে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসাও করেন। হাইকমিশনার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যৌথ আত্মত্যাগের ভিত্তিতে প্রতিষ্ঠিত ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্কে আরও জানতে শিশুদের উৎসাহিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুবিধাবঞ্চিত এই শিশুদের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে ভারতীয় হাইকমিশন ভবিষ্যতে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে সহযোগিতা অব্যাহত রাখবে।