
প্রাধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের আবাসিক শিক্ষক পদে দায়িত্ব পালন করতে অপরাগতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির একজন শিক্ষক। ওই শিক্ষকের নাম ফণী ভূষণ বিশ্বাস। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার ফণী ভূষণ বিশ্বাসকে আবাসিক শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তিনি যোগ দেননি।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদকে চিঠি দিয়ে যোগ না দেওয়ার কারণ জানান ফণী ভূষণ। এতে তিনি হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকার কথা উল্লেখ করেন। এ ছাড়া সাবেক উপাচার্য শিরীণ আখতারের প্রশাসনের বিভিন্ন অনিয়মেরও সমালোচনা করেন তিনি।
হলটিতে বর্তমানে প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন সাবেক প্রক্টর অধ্যাপক নূরুল আজিম সিকদার। তিনি শিরীণ আখতারের বিভিন্ন অনিয়মের ‘সঙ্গী’ ছিলেন বলে অভিযোগ করেছেন শিক্ষক সমিতির একাধিক নেতা। নতুন উপাচার্য আবু তাহের নিয়োগ পাওয়ার পর গত ২১ এপ্রিল তাঁকে প্রক্টরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
গত বছরের ৪ জুন বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের ভবন উদ্বোধনের খরচ নিয়ে বিতর্কিত হয়েছিলেন নূরুল আজিম সিকদার। একটি ভবন উদ্বোধনের জন্য বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে ৪৪ লাখ ৫৫ হাজার টাকা তুলেছিলেন তিনি। দুই দফায় এ খরচের ব্যাখ্যা চেয়ে সন্তোষজনক উত্তর না পেয়ে ৩১ জানুয়ারি তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
জানতে চাইলে ফণী ভূষণ বিশ্বাস প্রথম আলোকে বলেন, তিনি চিঠিতে দায়িত্ব পালনে অপারগতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। সাবেক উপাচার্যের সময়ে হওয়া বিভিন্ন অপকর্মের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত শিক্ষকেরা এখনো বিভিন্ন প্রশাসনিক পদে রয়েছেন। এ অবস্থায় প্রশাসনিক পদে যোগ দেওয়া তাঁর জন্য লজ্জা, অপমান ও বিব্রতকর।
অপর দিকে প্রাধ্যক্ষ নূরুল আজিম সিকদার প্রথম আলোকে বলেন, তিনি চিঠির বিষয়ে জানেন না। এ বিষয়ে জেনে পরে কথা বলবেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু তাহের প্রথম আলোকে বলেন, চিঠির বিষয়টি তিনি জানেন না। যেহেতু এ ঘটনায় ইউজিসিতে তদন্ত এখনো চলমান, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি কিছু বলতে পারবেন না। তদন্ত শেষ হলে দুর্নীতির অভিযোগের বিষয়ে বলা যাবে।