
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সিন্ডিকেট হলে ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে রাশিয়া: চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এ আলোচনার আয়োজন করে।
রাশিয়ার বিশেষজ্ঞ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কেন্দ্রের প্রধান আলেক্সি কুপ্রিয়ানোভ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে রাশিয়ার বহুমুখী ভূমিকার কথা তুলে ধরেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কুপ্রিয়ানোভ তাঁর আলোচনায় ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়ার উপস্থিতির ঐতিহাসিক প্রেক্ষাপট, মূল ভূরাজনৈতিক কারণ এবং কৌশলগত বিবেচনাগুলো তুলে ধরেন। তিনি চীন ও ভারতের মতো আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে রাশিয়ার বিবর্তিত সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এই অঞ্চলে রাশিয়ার অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সম্পৃক্ততার বিবরণ তুলে ধরেন তিনি।
গ্লোবাল স্টাডিজের অধ্যাপক এবং এনএসইউর সিপিএসের সদস্য মোহাম্মদ নুরুজ্জামান ইন্দো-প্যাসিফিক অঞ্চলে রাশিয়ার সম্পৃক্ততার চ্যালেঞ্জ ও সুযোগের বিষয়ে বিশ্লেষণধর্মী অভিমত প্রকাশ করেন। তিনি বৈশ্বিক শক্তির গতিশীলতা এবং আঞ্চলিক আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে রাশিয়ার উদ্দেশ্য এবং স্বার্থবোঝার তাৎপর্যের ওপর গুরুত্বারোপ করেন।
সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সিপিএস ও এসআইপিজির পরিচালক এবং পিএসএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস কে তৌফিক এম হক।