
বাংলাদেশে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রব্বানি (নাদিম) নিহতের ঘটনার নিন্দা জানিয়েছে প্রেস এমব্লেম ক্যাম্পেইন (পিইসি) নামের সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা একটি আন্তর্জাতিক সংস্থা। গতকাল বৃহস্পতিবার পিইসির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সাংবাদিক নাদিমকে পিটিয়ে হত্যা করা হয়। অভিযোগ উঠেছে, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলমের একদল অনুসারী তাঁকে হত্যা করেন। মাহমুদুল আলম ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।
প্রেস এমব্লেম ক্যাম্পেইন জেনেভাভিত্তিক একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা। বিশ্বজুড়ে সাংবাদিকদের আইনি সুরক্ষা ও নিরাপত্তা জোরদারে কাজ করে তাঁরা। বাংলাদেশি সংবাদমাধ্যমের বরাত দিয়ে পিইসির বিবৃতিতে বলা হয়েছে, গত ১৪ মে গোলাম রব্বানির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন চেয়ারম্যান মাহমুদুল আলম। বাংলাদেশের এই আইন আন্তর্জাতিকভাবে সমালোচিত। মাহমুদুলের দুর্নীতি ও অনিয়ম নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের চার দিন পর নাদিমের বিরুদ্ধে মামলাটি করা হয়।
অভিযুক্ত চেয়ারম্যান মাহমুদুলের করা মামলায় জামিনে ছিলেন নাদিম। গত বুধবার ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনাল নাদিমকে এই মামলায় খালাস দেন। এর কয়েক ঘণ্টা পর ওই দিন রাতে নাদিমের ওপর হামলা চালানো হয়। গোলাম রব্বানিসহ চলতি বছর বাংলাদেশে দুজন সাংবাদিককে হত্যা করা হলো।
বুধবার রাতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় গোলাম রব্বানির ওপর হামলা হয়। পরদিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গোলাম রব্বানি বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে তিনি একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা সংবাদ সংগ্রাহক হিসেবে কাজ করতেন।