
চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং দুই দিনের সফরে আগামী শুক্রবার ঢাকায় আসছেন। শনিবার অনুষ্ঠেয় দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার ফাঁকে মন্ত্রিসভার একাধিক সদস্যের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ হতে পারে।
সুন ওয়েইডংয়ের এই সফর হবে চলতি বছর চীন থেকে ঢাকায় বেইজিংয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের তৃতীয় সফর। সুন ওয়েইডংয়ের সফরে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক পরিসরে দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক নানা ইস্যুতে বিস্তারিত আলোচনা হবে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, মূলত পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। বিশেষ করে ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা খাতে সহযোগিতার পাশাপাশি চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে (গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ—জিডিআই) বাংলাদেশের যুক্ততার বিষয়ে আলোচনা হতে পারে। দ্বিপক্ষীয় এসব বিষয়ের পাশাপাশি চীনের উদ্যোগে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে পরিস্থিতি নিয়েও দুই দেশের পররাষ্ট্রসচিবরা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ বছর চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের তিনটি সফরের সঙ্গে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের কোনো না কোনোভাবে যোগসূত্র আছে। বিশেষ করে জানুয়ারিতে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের ঠিক আগেভাগে ঢাকায় যাত্রাবিরতি করেছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং। কয়েক ঘণ্টার ওই যাত্রাবিরতির সময় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন।
গত মাসে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ওয়াশিংটন যাওয়ার ঠিক এক দিন আগে ঢাকায় এসেছিলেন মিয়ানমারবিষয়ক চীনের বিশেষ দূত দেং সিজুন। ওই সময় তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনা করেন। চীনের বিশেষ দূতের ওই সফরের ধারাবাহিকতায় পরে এপ্রিলের দ্বিতীয়ার্ধে পাইলট প্রকল্পের আওতায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু নিয়ে চীন, বাংলাদেশ ও মিয়ানমার ত্রিপক্ষীয় বৈঠক করেছিল। ওই বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে সিদ্ধান্ত হলেও ঘূর্ণিঝড় মোখার কারণে আপাতত তা পিছিয়ে গেছে।
এরপর এবার ভাইস মিনিস্টার সুন ওয়েইডং এমন একটা সময়ে ঢাকায় আসছেন, যখন নির্বাচন ও মানবাধিকার সুরক্ষা নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একধরনের টানাপোড়েন দৃশ্যমান। বিশেষ করে সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ চার দেশের পুলিশি নিরাপত্তা হঠাৎ প্রত্যাহারের পর ঢাকা-ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে একধরনের অস্বস্তি তৈরি হয়েছে।
এই প্রেক্ষাপটে চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডংয়ের সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। কারণ, চীনের কমিউনিস্ট পার্টির সদস্য ও কূটনীতিক সুন ওয়েইডং ভাইস মিনিস্টারের দায়িত্ব নেওয়ার আগে পাকিস্তান ও ভারতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ফলে দক্ষিণ এশিয়ার বৈরী দুই প্রতিবেশী দেশে দায়িত্ব পালন করে এ অঞ্চল সম্পর্কে ভালোভাবে ওয়াকিবহাল তিনি। ঢাকা সফরে তিনি সমকালীন রাজনীতি ও ভূরাজনীতি নিয়ে আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
কারণ, বাংলাদেশে নির্বাচন শুরুর দিনক্ষণ ঘনিয়ে আসার বেশ আগে থেকেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের অব্যাহত জোরালো আহ্বান চোখে পড়ার মতো। আবার ভারত ও প্রশান্ত মহাসাগরে বেইজিং ও ওয়াশিংটনের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে সুন ওয়েইডংয়ের সফর তাৎপর্যপূর্ণ। যদিও বলা হচ্ছে, দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের সফরটি পূর্বনির্ধারিত।