টাকা বানানোর প্রতিযোগিতা ভালো আইনজীবী হওয়ার প্রধান অন্তরায়: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
ফাইল ছবি: বাসস

ভালো আইনজীবী হতে হলে পড়াশোনার বিকল্প কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেছেন, ‘আইন পেশায় যাঁরা আসছেন, তাঁদের অনেকের লক্ষ্য থাকে টাকা আয় করার। প্রতিযোগিতা হচ্ছে, কীভাবে কত সহজে কত টাকা আয় করা যায়, বাড়ি–গাড়ি করা যায়। এটা একজন ভালো আইনজীবী হওয়ার পেছনে প্রধান অন্তরায়।’

আজ শনিবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তৈরি ‘ল ক্লিনিকের’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে হয়। শিক্ষার্থীদের আইন পেশার যাবতীয় খুঁটিনাটি হাতে-কলমে শেখানোর জন্য বিশ্ববিদ্যালয়টি এই ‘ল ক্লিনিক’ চালু করে।

আইন বিষয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আপনারা দুটো লক্ষ্য নিয়ে আইন পড়তে এসেছেন। হয় ভালো বিচারক হবেন অথবা ভালো আইনজীবী হবেন। উদ্দেশ্য যদি এ দুটি থাকে, তাহলে কয়েকটি জিনিস মানতে হবে। ভালো আইনজীবী হতে হলে পরিশ্রম করতে হয়। সাধনা ছাড়া ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়। আর সততাটা মনে প্রাণে ধারণ করতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আরও বলেন, ‘একটা লক্ষ্য নিয়ে এগোতে হবে। পয়সার পেছনে যত দৌড়াবেন, পয়সা তত দূরে সরে যাবে। এমন একসময় আসবে, পয়সা আপনার পেছনে দৌড়াবে। আমি প্রধান বিচারপতি মনে করি, একজন ভালো আইনজীবীর সম্মান একজন বিচারপতির চেয়ে কোনো অংশে কম নয়।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। আরও বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এম শহিদুল হাসান ও আইন বিভাগের উপদেষ্টা মুহাম্মদ একরামুল হক।