আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের (রাষ্ট্রপক্ষের আইনজীবী) কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের বিচারপতিরা। একটি মামলার সাক্ষ্যগ্রহণের এক পর্যায়ে যথাযথভাবে নথিপত্র না পেয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার বলেন, ‘আপনারা এতজন প্রসিকিউটর কী করেন?’
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে করা একটি মামলায় আজ সোমবার একজন সাক্ষীর জবানবন্দি গ্রহণের সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান এ কথা বলেন।
মানবতাবিরোধী অপরাধের এ মামলার নবম সাক্ষী হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক আতিকুর রহমান আজকে জবানবন্দি দেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার ও সদস্য বিচারপতি শফিউল আলম মাহমুদ।
আতিকুর রহমানের জবানবন্দির শেষ পর্যায়ে এ মামলার বিশেষজ্ঞ মতামতের দালিলিক প্রমাণপত্র বইয়ের প্রসঙ্গ আসে। বইটির কপি দুই বিচারপতি ও প্রসিকিউশনের কাছে ছিল। তবে একজনের সঙ্গে আরেকজনের পৃষ্ঠার মিল ছিল না। তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার বলেন, ‘আপনারা এতজন প্রসিকিউটর কী করেন? আপনারা যে বইগুলো দেন, আমাদের দেন একরকম, সাক্ষীদের দেন একরকম, আসামিপক্ষকে দেন আরেক রকম।’
সাক্ষী আতিকুর রহমানের জবানবন্দি শেষ হলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদার আবার এ প্রসঙ্গে কথা বলেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘প্রসিকিউশন যেভাবে চলছে। চিফ প্রসিকিউটর নতুন এসেছেন, সে জন্য কিছু বলছি না। তাঁর ব্যস্ততা থাকতে পারে। আপনারা তো আছেন। একজন দায়িত্ব নিয়ে নেবেন। পেজ নম্বর ঠিকমতো দেন না।’
তখন প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, এ মামলার ফাইল পাওয়া যাচ্ছিল না।