করোনাকালে কর্মহীনদের পাশে স্কয়ার গ্রুপ

করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায় নিরাপদ দূরত্ব মেনে হাজারো মানুষের মধ্যে খাদ্যসহায়তা দিয়েছে স্কয়ার গ্রুপ। পাবনা পৌরসভার ওয়ার্ডসমূহ ও ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে এসব সহায়তা। গতকাল পাবনার দাপুনিয়া ইউনিয়নের জোত আদম গ্রামে। ছবি: হাসান মাহমুদ
করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায় নিরাপদ দূরত্ব মেনে হাজারো মানুষের মধ্যে খাদ্যসহায়তা দিয়েছে স্কয়ার গ্রুপ। পাবনা পৌরসভার ওয়ার্ডসমূহ ও ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে এসব সহায়তা। গতকাল পাবনার দাপুনিয়া ইউনিয়নের জোত আদম গ্রামে।  ছবি: হাসান মাহমুদ

নির্ধারিত দূরত্ব মেনে দাঁড়িয়েছেন কর্মহীন মানুষেরা। তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে চাল, ডাল, আলু, তেল, লবণ ও সাবানসহ নিত্যপণ্যের প্যাকেট। তা নিয়ে হাসিমুখে বাড়ি ফিরেছেন তাঁরা।

গতকাল সোমবার সকালে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের জোত আদম গ্রামের দৃশ্য এটি। সেখানে গ্রামের এক হাজার পরিবারকে খাদ্যসহায়তা দেয় স্কয়ার গ্রুপ। করোনা পরিস্থিতিতে গত এক মাসে এভাবে সামাজিক দূরত্ব মেনে পাবনার ৫০ হাজার পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীটি।

জানতে চাইলে স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, ‘আমরা চাই পাবনার দিনমজুর, রিকশাচালক, মোটরশ্রমিকসহ বর্তমানে কর্মহীন একটি মানুষও যেন না খেয়ে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। খেটে খাওয়া মানুষ কাজে না ফেরা পর্যন্ত আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।’

এপ্রিলের শুরুতে প্রথমে ১০ হাজার মানুষকে খাদ্যসহায়তা দেওয়ার উদ্যোগের মাধ্যমে এই কার্যক্রমের শুরু। জেলা যুবলীগের সহায়তায় বিভিন্ন উপজেলায় ২০ হাজার, সদর পৌরসভার মাধ্যমে ৬ হাজার, সদর উপজেলা পরিষদের মাধ্যমে ৫ হাজার, আটঘরিয়া উপজেলা পরিষদের মাধ্যমে ৫ হাজার, সুজানগর উপজেলা পরিষদের মাধ্যমে ৫ হাজার এবং স্কয়ার গ্রুপের কর্মীদের মাধ্যমে ৯ হাজার দরিদ্র ও কর্মহীন পরিবারের মধ্যে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। স্কয়ারের দেওয়া প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু, তেল ও লবণসহ ৩০ কেজি পরিমাণের বিভিন্ন পণ্য দেওয়া হয়েছে। জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস ও যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক জানান, যুবলীগের নেতা-কর্মীরা পণ্যগুলো প্যাকেট করা থেকে শুরু করে বিভিন্ন স্থানে পৌঁছে দেন। পরে বড় বড় মাঠে নিরাপদ দূরত্ব মেনে কর্মহীন দরিদ্র মানুষের হাতে এসব পণ্য তুলে দেওয়া হয়। স্কয়ার গ্রুপের পক্ষে পরিচালক অঞ্জন চৌধুরী নিজে কার্যক্রমটি তদারকি করেছেন।

>

গত এক মাসে সামাজিক দূরত্ব মেনে পাবনার ৫০ হাজার পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীটি।

সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুজ্জামান জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা এ কাজে সহযোগিতা করেছেন। তাঁরা প্রকৃত অসহায় ও কর্মহীন মানুষ খুঁজে তালিকা দিয়েছেন। এতে প্রকৃত দরিদ্র ও কর্মহীন মানুষের কাছে সহায়তা পৌঁছেছে।

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এ বি এম ফজলুর রহমান বলেন, ‘অসহায় মানুষের সহযোগিতায় আমরা তাঁদের (স্কয়ারের) এই কার্যক্রম চালু রাখার আহ্বান জানাই।’

পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, ‘স্কয়ার জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। নিরাপদে মানুষ খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি ফিরেছেন। এ উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমরা স্কয়ারকে সাধুবাদ জানাচ্ছি।’