কার্গোর ধাক্কায় লঞ্চডুবিতে ৩৪ মৃত্যুর মামলার অভিযোগপত্র গৃহীত হয়নি

ডুবে যাওয়া লঞ্চটি তোলা হচ্ছে। শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায়। ৫ এপ্রিল, নারায়ণগঞ্জ
ফাইল ছবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বেপরোয়া গতির কার্গো জাহাজ এসকেএল-৩–এর ধাক্কায় লঞ্চ ডুবে ৩৪ জনের মৃত্যুর ঘটনায় জাহাজের মাস্টারসহ তিনজনকে দায়ী করে দাখিল করা অভিযোগপত্র আদালতে গ্রহণ করা হয়নি। অভিযোগপত্র পর্যালোচনার জন্য আদালত নতুন তারিখ নির্ধারণ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বিথী এ আদেশ দেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, আদালতে অভিযোগপত্র গৃহীত হয়নি। অভিযোগপত্র পর্যালোচনার জন্য আগামী ২৩ মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।

এর আগে গত ৯ ডিসেম্বর নারায়ণগঞ্জের আমলি আদালত (ঘ) অঞ্চলের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদিউজ্জামানের আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর নৌ থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইউনুস মুন্সী। অভিযোগপত্রে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন কার্গো জাহাজটির মাস্টার ওহিদুজ্জামান (৫০), সুকানি আনোয়ার মল্লিক (৪০) ও ইঞ্জিন ড্রাইভার মো. মজনু মোল্লা (৩৮)। আসামিদের বিরুদ্ধে দ্রুত ও বেপরোয়া গতিতে কার্গো চালিয়ে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়। যে ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাতে সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।

অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কার্গোর গ্রিজার হৃদয় হাওলাদার, ফারহান মোল্লা, সুকানি নাজমুল মোল্লা, লস্কর রাজিবুল ইসলাম, মো. আবদুল্লাহ, নুর ইসলাম, সাকিব সরদার, মো. আফসার, সাগর হোসেন, আলিফ শেখ ও বাবুর্চি আবুল বাসারকে। কার্গো জাহাজ এসকেএল-৩ বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময়ের প্রতিষ্ঠান এসকে লজিস্টিকসের মালিকানাধীন।

গত ৪ এপ্রিল সন্ধ্যায় মুন্সিগঞ্জগামী এমএল সাবিত আল হাসান লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয় এসকেএল-৩ নামের একটি কার্গো জাহাজ। এ ঘটনায় ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার দুই দিন পর অজ্ঞাত জাহাজসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বেপরোয়া চালিয়ে হত্যার অভিযোগ এনে বিআইডব্লিউটিএর উপপরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) বাবুল লাল বৈদ্য বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন।