
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে যাতায়াতের প্রধান সড়কে থাকা একটি কালভার্টে বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের জায়গায় ঢালাই উঠে বেরিয়ে পড়েছে ভেতরের রড। এতে দুই মাস ধরে ওই পথে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যানবাহনের চালকদের সতর্ক করতে স্থানীয় লোকজন গর্তের ওপর লাল রঙের পতাকা ঝুলিয়ে দিয়েছেন।
উপজেলার নন্নী ইউনিয়ন হয়ে মধুটিলা সড়কের ধুপাকুড়া এলাকায় কালভার্টটি অবস্থিত। গত অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কালভার্টটি ভেঙে পড়ে। এ অবস্থায় ইকোপার্কে যাতায়াত করতে হলে প্রায় ১০-১২ কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে দর্শনার্থীদের।
মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল করিম বলেন, এখন পর্যটনের মৌসুম। কিন্তু ইকোপার্কের এক কিলোমিটার দূরের একটি কালভার্ট দিয়ে বড় গাড়ি চলাচল করছে না। এতে এলাকাবাসীসহ দর্শনার্থীরা সব সময় দুর্ভোগে পড়ছেন। দ্রুত এটা সংস্কার করা প্রয়োজন।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে উপজেলার নন্নী বাজার থেকে মধুটিলা ইকোপার্ক হয়ে সীমান্ত সড়ক পর্যন্ত পৌনে পাঁচ কিলোমিটার এলাকা সংস্কার করা হয়। এতে সাড়ে ছয় কোটি টাকা ব্যয় হয়। কিন্তু এ সময় সড়কের পুরোনো কালভার্টটি সংস্কার করা হয়নি। গত অক্টোবর মাসে সেখানে বড় গর্ত হয়ে যায়।
এ পথ দিয়ে পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া, পশ্চিম সমশ্চুড়া, পূর্ব সমশ্চুড়া ও মধুটিলা গ্রামের মানুষ নন্নী বাজার হয়ে উপজেলা ও জেলা শহরের যাতায়াত করেন। এ ছাড়া এখন পর্যটন মৌসুমে দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন শত শত দর্শনার্থী বাস, মিনিবাস, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি, অটোরিকশায় করে মধুটিলা ইকোপার্কে বেড়াতে যান।
বাধ্য হয়ে এ সড়ক দিয়ে চলাচল করছেন। ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। দ্রুত কালভার্টটি সংস্কার করা হলে তাঁদের উপকার হবে।খোরশেদ আলম, অটোরিকশাচালক
স্থানীয় লোকজন বলেন, দুই মাস ধরে কালভার্টটির ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করছে না। তবে মোটরসাইকেল, ভ্যান ও অটোরিকশা ঝুঁকি নিয়ে চলছে। অটোরিকশাচালক খোরশেদ আলম বলেন, তাঁরা বাধ্য হয়ে এ সড়ক দিয়ে চলাচল করছেন। এতে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। দ্রুত কালভার্টটি সংস্কার করা হলে তাঁদের উপকার হবে।
পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. জামাল উদ্দিন বলেন, কালভার্টটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এলজিইডির সদ্য বিদায়ী উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ-আল-মামুন বলেন, কালভার্টটি যানবাহনের চাপে ভেঙে পড়েছে। ইতিমধ্যে তা সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।