খুলনায় কলেজশিক্ষক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

আদালত
প্রতীকী ছবি

খুলনায় কলেজশিক্ষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো ওই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজু মুন্সি ওরফে গালকাটা রাজু ও তুহিন গাজী। এর মধ্যে রাজু মুন্সি পলাতক। ওই মামলার অভিযোগপত্রভুক্ত বাকি আট আসামিকে খালাস দিয়েছেন আদালত।

চিত্তরঞ্জন বাইন ডুমুরিয়া উপজেলার কৈয়া এলাকার শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, প্রভাষক চিত্তরঞ্জন বাইন পরিবারসহ খুলনা নগরের শেরে–এ–বাংলা সড়কের আমতলা এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন। ২০১৭ সালের ৬ জানুয়ারি তাঁর স্ত্রী দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। ১৪ জানুয়ারি রাত থেকে পরের দিন বেলা ১১টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে বাসার জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। তাঁকে হত্যা করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ দুই লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ওই ঘটনায় পরের দিন নিহত ব্যক্তির ছোট ভাই অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে খুলনা সদর থানায় মামলা করেন। একই বছরের ১২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন ১০ জন আসামির নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই আসামিদের মধ্যে আদালত দুজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে খালাস দিয়েছেন।