
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় র্যাবের অভিযানে ৩০০টি ইয়াবা বড়িসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে র্যাব-১২ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
গ্রেপ্তার ওই যুবকের নাম মো. আবু তাহের (৩৫)। তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার খাকড়াদহ এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে উপজেলার ইসলামপুর গ্রামের কুচিয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০০টি ইয়াবাসহ আবু তাহেরকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় ওই যুবকের কাছ থেকে একটি মুঠোফোন ও ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১২–এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ। এ ঘটনায় তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।