নিখোঁজের চার দিন পর যুবকের লাশ খালে

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় নিখোঁজের চার দিন পর পশ্চিম সুন্দরবনের পশুরতলা খালের পানিতে এক যুবকের অর্ধগলিত লাশ ভেসে উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

উদ্ধার ওই যুবকের নাম আমিনুর রহমান (৩০)। তিনি গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের শেহের আলী গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল সকাল সাতটার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পশুরতলা খালে কাঁকড়া ধরার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন আমিনুর রহমান। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সন্ধ্যায় ওই খাল থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আমিনুরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।