লঞ্চে অগ্নিকাণ্ড

নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে দেড় লাখ টাকা দেবে বিআইডব্লিউটিএ

এমভি অভিযান-১০ নামের লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। ঝালকাঠির সুগন্ধা নদীতে গতকাল দিবাগত রাত তিনটার দিকে এটিতে আগুন ধরে যায়
ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে দেড় লাখ টাকা আর্থিক সহায়তা দেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ সহায়তার কথা ঘোষণা করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ ছাড়া নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে ঝালকাঠি জেলা প্রশাসন।

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আজ বিকেল পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ ছাড়া বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে শতাধিক যাত্রী দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। শিশু, বৃদ্ধসহ অনেকে এখনো নিখোঁজ। লঞ্চটিতে আট শতাধিক যাত্রী ছিলেন।