নোয়াখালীতে বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

অজয়ের মৃত্যুর প্রতিবাদে বেলা সোয়া তিনটা থেকে কয়েক শ শিক্ষার্থী সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন
ছবি: প্রথম আলো

নোয়াখালী শহরের সোনাপুরে ট্রাকচাপায় এক বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যুর ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ চলছে। আজ মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে শিক্ষার্থীরা শহরের সোনাপুর জিরো পয়েন্টে অবস্থান নিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। বিকেল পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত ছিল।

আজ বেলা একটার দিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র অজয় মজুমদারকে (২২) একটি ট্রাক চাপা দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আহত অজয়কে উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অজয়ের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বেলা সোয়া তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে সোনাপুর-কবিরহাট-কোম্পানীগঞ্জ, সোনাপুর-চরজব্বর (সুবর্ণচর), সোনাপুর-মাইজদী ও সোনাপুর স্টিমারঘাট সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে সুধারাম থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা অজয়ের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং সড়ক দুর্ঘটনা বন্ধের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। তবে এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এখনো কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন প্রথম আলোকে বলেন, থানা–পুলিশের একটি দলকে সোনাপুর এলাকায় পাঠানো হয়েছে। তিনি নিজেও সোনাপুর গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন। এদিকে সড়ক দুর্ঘটনায় অজয় নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহত ছাত্রের পরিবার লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।