
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের মারিশ্যা-দীঘিনালা সড়কে আজ সোমবার সকালে তামাকবোঝাই জিপ উল্টে চালকের সহকারী মো. মোজাম্মেল হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও তিনজন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত তামাক বোঝাই করে জিপটি সকালের দিকে বাঘাইছড়ি থেকে দীঘিনালায় যাচ্ছিল। পৌনে আটটার দিকে মারিশ্যা-দীঘিনালা সড়কের দুইটিলা এলাকায় পৌঁছালে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে জিপটি উল্টে গিয়ে চালকের সহকারী মোজাম্মেল গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সকালে দীঘিনালার উদ্দেশে তামাকবোঝাই জিপটি যাওয়ার পথে দুর্ঘটনা শিকার হয়। এ ঘটনায় চালকের সহকারীর মৃত্যু হয়েছে।