বিছানায় পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী আটক

নেত্রকোনা জেলার মানচিত্র
নেত্রকোনা জেলার মানচিত্র

নেত্রকোনার দুর্গাপুরে শোয়ার ঘর থেকে দিলওয়ারা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ দিলওয়ারার স্বামী আবু বক্কর সিদ্দিককে (৪২) আটক করেছে।

আবু বক্কর সিদ্দিক নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি পেশায় পল্লী চিকিৎসক। একই সঙ্গে দরজির কাজের সঙ্গেও জড়িত।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালে আবু বক্কর সিদ্দিকের সঙ্গে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর গ্রামের বাসিন্দা দিলওয়ারার বিয়ে হয়। এই দম্পতির তিন বছরের একটি ছেলেসন্তান রয়েছে। সিদ্দিকের ৩ নম্বর স্ত্রী দিলওয়ারা। তাঁর দ্বিতীয় স্ত্রী কয়েক বছর আগে মারা যান। গতকাল বুধবার রাতের খাবার খেয়ে দিলওয়ারা স্বামী ও ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরবেলা সাহ্‌রি খাওয়ার পর তিনি ফজরের নামাজ আদায় করেন। সকালে তাঁর লাশ বিছানায় পড়ে থাকতে দেখেন স্বজনেরা। তখন আবু বক্কর দাবি করেন, তিনি দিলওয়ারাকে নামাজ পড়তে দেখে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর-এ-আলম প্রথম আলোকে বলেন, গৃহবধূর শোয়ার ঘর থেকে বিষের বোতল উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে জোর করে বিষ খাওয়ানোর পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ রকম কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। গৃহবধূর স্বামী আবু বক্করকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।