
‘নৌকায় যাঁরা ভোট দিতে নারাজ, দয়া করে কেন্দ্রে আসবেন না’ বলে নির্বাচনী সভায় ভোটারদের হুমকি দেওয়া টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামী লীগের নেতা সাদিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী মধুপুর থানায় মামলাটি করেন।
সাদিকুল ইসলাম মধুপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। আজ সকাল থেকে তাঁকে এলাকায় দেখা যায়নি।
মামলায় সাদিকুল ইসলামের বিরুদ্ধে ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ বিধিমালা (নির্বাচনি আচরণ); ২০১০ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালাসহ দণ্ডবিধি আইনে ১৭১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই বক্তব্যের জেরে গত রোববার রাতে অরণখোলা ইউপি নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। সেই সঙ্গে সাদিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়। ১৫ জুন অরণখোলা ইউপি নির্বাচন হওয়ার কথা ছিল।
৮ জুন অরণখোলা ইউনিয়নের আমলিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুর রহিমের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগ নেতা সাদিকুল ইসলাম নৌকা মার্কায় যাঁরা ভোট দেবেন না, তাঁদের ভোটকেন্দ্রে না আসার হুমকি দেন।
তাঁর এ বক্তব্য শুক্রবার প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ হুমকি দিয়ে বক্তব্যের ভিডিও ভাইরাল হয়।
ওই ভিডিওতে দেখা যায়, সাদিকুল ইসলাম বক্তৃতায় বলছেন, ‘আমি আজকেও বলে দিতে চাই, ১৫ তারিখ ভোট হবে সারা দিন এবং নৌকা মার্কায় ভোট হবে। আপনারা ভোট দেবেন। যাঁরা নৌকা মার্কায় ভোট দেবেন, তাঁরাই কেন্দ্রে আসবেন। আর যাঁরা নৌকায় ভোট দিতে নারাজ, দয়া করে কেন্দ্রে আসবেন না। আমরা কিন্তু আশপাশেই অবস্থান করব। এখানে চব্বিশ শ ভোট রয়েছে, যদি দুই হাজার ভোট কাস্ট হয়, আমরা দুই হাজার ভোটই পেতে চাই।’