দিনাজপুরের হাকিমপুরে গতকাল রোববার ভোরে অভিযান চালিয়ে ১১ হাজার ৫১০টি ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া আনোয়ার হোসেন (৩৬) উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (জিলাপি পট্টি) মহল্লার বাসিন্দা। এ সময় তাঁর কাছ থেকে প্রায় তিন লাখ টাকাও উদ্ধার করা হয়। র্যাব-৫-এর জয়পুর ক্যাম্পের উপ-অধিনায়ক (এএসপি) মো. আশেকুর রহমান বলেন, র্যাবের একটি দল আনোয়ারের বাড়িতে অভিযান চালিয়ে ওই ইয়াবা ও টাকাগুলো জব্দ করে। এ সময় আনোয়ারের সহযোগী রবিউল ইসলাম পালিয়ে যান। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে আনোয়ার ও রবিউলকে আসামি করে হাকিমপুর থানায় একটি মামলা করে। আনোয়ারকে পুলিশে সোপর্দ করা হয়েছে।