
জামালপুরের ইসলামপুরে তিন মাদ্রাসাছাত্রী নিখোঁজের ঘটনায় করা মামলায় চার শিক্ষককে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২টার দিকে তাঁদের আদালতে পাঠানো হয়।
জামালপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিখোঁজ তিন ছাত্রীকে উদ্ধারে পু্লিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। বিভিন্ন জায়গার সিসিটিভির ফুটেজ দেখা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের উদ্ধার করা হবে।
আজ সকালে নিখোঁজ এক ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় মাদ্রাসার চার শিক্ষক ও অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক চার মাদ্রাসাশিক্ষককে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদ্রাসার পরিচালক মো. আসাদুজ্জামান, সহকারী শিক্ষক ইলিয়াস আহম্মেদ, রাবেয়া বেগম ও শুকরিয়া পারভীন। নিখোঁজ তিন ছাত্রীর সবাই উপজেলার গোয়ালেরচর দারুত তাক্কওয়া মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত সোমবার ভোরে তারা ওই মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। এরপর সোমবার দিবাগত রাতে পুলিশ চার শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। গতকাল মঙ্গলবার সারা দিন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।