
রাজশাহী নগরের রেস্তোরাঁগুলোতে মৃত ছাগলের মাংস ও রুগ্ণ-অসুস্থ ছাগল সরবরাহ করতে একটি চক্র চালান নিয়ে আসছে বলে খবর পায় গোয়েন্দা পুলিশ। সেই চক্রকে ধরতে গতকাল শনিবার বিকেলে নগরের কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশ চারজনকে আটক করে। পরে তাঁদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ রোববার দুপুরে নগর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। নগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার আরেফিন জুয়েল বলেন, তাঁরা গোপন সংবাদ পান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকা থেকে মৃত ছাগলের মাংস ও রুগ্ণ-অসুস্থ ছাগল নিয়ে রাজশাহী শহরে আসছে একটি চক্র। বিকেল পৌনে পাঁচটার দিকে কাশিয়াডাঙ্গা থানার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বালিয়ার মোড় থেকে পিকআপ ভ্যানসহ চারজনকে আটক করা হয়। এ সময় পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৫০ কেজি মৃত ছাগলের মাংস, চারটি জবাই করা মৃত ছাগল ও ২৭টি রুগ্ণ-অসুস্থ ছাগল উদ্ধার করা হয়।
সেই পিকআপে থাকা চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁরা মাংস সরবরাহ করার কোনো বৈধ কাগজপত্র বা কোনো পশুর ডাক্তারের উপস্থিতিতে পরীক্ষা করে ছাগলগুলো জবাই করা হয়েছে কি না এসব প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরে ডিবি পুলিশ বস্তাভর্তি মাংস ও জবাই করা ছাগলগুলো পরীক্ষার জন্য রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ে নিয়ে যান। সেখানে জেলা সেনেটারি ইন্সপেক্টর পরীক্ষা-নিরীক্ষা করে ছাগলগুলো মৃত অবস্থায় জবাই করা হয়েছে বলে জানতে পারেন। আর মাংসগুলোও মৃত ছাগলের।
আটক চারজন হলেন রাজশাহী নগরের বোয়ালিয়া মডেল থানার দরগাপাড়ার মো. মশিউর রহমান, মো. ফাইসাল এবং তাঁদের সহযোগী মো. কায়েস ও মো. ফয়সাল হোসেন। চক্রের মূল হোতা মশিউর ও ফাইসাল।
আরেফিন আরও বলেন, বিষয়টি তাঁরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জানায়। জাতীয় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তার জিজ্ঞাসাবাদে ওই চারজন বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে মৃত ছাগলের মাংস, মৃত জবাই করা ছাগল এবং রুগ্ণ-অসুস্থ ছাগল স্বল্পমূল্যে কিনে রাজশাহী নগরের বিভিন্ন রেস্তোরাঁ, বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও বাজারে সরবরাহ করছেন। পরে তাঁরা ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেন না বলে ক্ষমা চান।
এর পরিপ্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মশিউর ও ফাইসালকে ৮০ হাজার টাকা করে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন। আর মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।