
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর মোহনপুর এলাকায় তিনটি যাত্রীবাহী লঞ্চ থেকে ২০ মণ জাটকা জব্দ করা হয়েছে। শুক্রবার রাত ১২টায় অভিযান চালিয়ে চাঁদপুর কোস্টগার্ডের সদস্যরা এসব জাটকা জব্দ করেন।
অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আবদুল মালেক। তিনি বলেন, জাটকা নিয়ে এমভি শাকিল-৪, এমভি সপ্তবর্ণা-৯ ও এমভি তাসরীফ-৪ নামের তিনটি লঞ্চ বরিশাল থেকে মতলব উত্তর হয়ে ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা। পরে এসব জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।