
চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক নারী চিকিত্সক গুরুতর আহত হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে নগরের কাজীর দেউড়ি এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
আহত চিকিত্সকের নাম সামিনা আক্তার। তাঁর কাছ থেকে পাওয়া পরিচয়পত্রের সূত্রে জানা গেছে, তিনি চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের (বিবিএমএইচ) আইসিইউ বিভাগের চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা জানান, চিকিৎসক সামিনা আক্তার রিকশাযোগে লালখান বাজারের দিক থেকে কাজীর দেউড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে রিকশাটিকে একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে সামিনা রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে সংজ্ঞাহীন হয়ে যান। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চমেক হাসপাতালের আইসিইউ-এ কর্তব্যরত এক চিকিৎসক জানান, সামিনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাঁর জন্য ‘ও নেগেটিভ’ গ্রুপের রক্ত প্রয়োজন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাটি আটক করা হয়েছে। আহত চিকিৎসককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।