রূপগঞ্জে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ চলছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি কারখানায় আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাঞ্চন, ডেমরা ও আড়াইহাজার ফায়ার স্টেশনের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মৈকুলী এলাকায় অবস্থিত ইউনাইটেড লেদার ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনাইটেড লেদার ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় আজ বুধবার দুপুরে আগুন লাগে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ জেলার উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রথম আলোকে বলেন, ‘আমরা দুপুর সোয়া ১২টায় আগুন লাগার ঘটনাটি জানতে পারি। কারখানার ভেতরে শ্রমিক আছেন কি না, তা এখনো জানা যায়নি।’