
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ‘ডাকাত ডাকাত’ চিৎকার করে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে বারিয়ারহাট পৌরসভার উদ্যোগে হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে অনুষ্ঠিত এ সমাবেশে অংশ নেন জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও স্থানীয় লোকজন।
সমাবেশে বারিয়ারহাট পৌরবাজারের ব্যবসায়ী নেতারা বলেন, ২৫ মে সন্ধ্যায় ভুল বোঝাবুঝির কারণে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। সে জন্য দুঃখ প্রকাশ করেন তাঁরা। এমন ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সচেতন থাকবেন বলেও জানান।
সমাবেশে বারিয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম বলেন, ‘২৫ মে পৌর সদরে র্যাব সদস্যদের ওপর না বুঝে ডাকাত সন্দেহে যে হামলার ঘটনা ঘটেছে, সে জন্য আমরা অনুতপ্ত। আমরা চাই এ ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত তদন্ত করে তাঁদের বের করা হোক। এ ঘটনায় নিরীহ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে খেয়াল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করছি।’
সমাবেশে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানের সময় র্যাব সদস্যদর ওপর হামলার যে ঘটনা ঘটেছে, তা পরিষ্কার অপরাধ। আইন হাতে তুলে নেওয়ার সুযোগ নেই কারও। তিনি বলেন, ‘ওই দিন হামলার সময় র্যাব সদস্যদের দুটি অস্ত্র হারিয়ে গেছে। অভিযান চালিয়ে ইতিমধ্যে একটি অস্ত্র উদ্ধার করা গেছে। বুঝে বা না বুঝে অপর অস্ত্রটি যে বা যাঁরা নিয়েছেন বিলম্ব না করে সেটি আমাদের দিয়ে যাবেন। এটি সরকারি সম্পদ। স্বেচ্ছায় এ অস্ত্র জমা না দিলে আমরা কঠোর হতে বাধ্য হব।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বারিয়ারহাট পৌরবাজার কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ, বারিয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মীর আলম, বারিয়ারহাট পৌরসভার প্যানেল মেয়র নিজাম উদ্দিন প্রমুখ।