ঢাকার সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় আজ বৃহস্পতিবারও সাভারে মানববন্ধন হয়েছে। ঢাকা–আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে আয়োজিত মানববন্ধনে সাভারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন থেকে শিক্ষক হত্যায় অভিযুক্ত ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, ইভটিজিং এবং তথ্য ও প্রযুক্তির অপব্যাবহার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়।
আজ সকাল সাড়ে ১০টায় এই কর্মসূচির আয়োজন করে ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। মানববন্ধন শেষে একই দাবিতে দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল হত্যার ঘটনার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে সাভারের উপজেলা বাসস্ট্যান্ডে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা জড়ো হন। পরে একই এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধনে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, ওই ছাত্র পরিকল্পিতভাবে শিক্ষককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। সে কিশোর গ্যাং পরিচালনা করত। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় সেখানে প্রতিষ্ঠানের সাবেক এক শিক্ষার্থী ছিল। যাকে স্কুল থেকে শৃঙ্খলা ভাঙার অপরাধে পরিবারের মাধ্যমে বের করে দেওয়া হয়েছিল।
নেওয়াজ আলী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক অনিক আহম্মেদ বলেন, ‘পারিবারিকভাবে নৈতিকতা-মূল্যবোধের শিক্ষা ব্যাতীত এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ সম্ভব নয়। এর পাশাপাশি ধর্মীয় শিক্ষাটিও বিশেষভাবে জরুরি। শিক্ষকে লাঞ্ছিত করা বা হত্যার মতো ভয়াবহ পরিস্থিতি আমাদের নৈতিকতার ভঙ্গুর দশাটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। এখনই যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নিতে পারি তাহলে সেটি হবে ভবিষ্যতের জন্য আরও ভয়ংকর।’
ফেডারেশন অব কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের (ফোকা) মহাসচিব শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। প্রায়ই দেশের বিভিন্ন স্থানে সেই সন্তানের হাতে শিক্ষককে লাঞ্ছিত হওয়ার ঘটনা শুনতে পাচ্ছি। একজন ছাত্র শিক্ষককে পিটিয়ে হত্যা করতে পারে এটি আমরা কখনো চিন্তাও করতে পারিনি। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে ভবিষ্যতের জন্য এটি হবে ভয়ংকর হবে।’
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজে ছাত্রীদের ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে একই শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির ওই ছাত্র স্ট্যাম্প দিয়ে অতর্কিতভাবে শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর হামলা চালায়। প্রথমে ওই ছাত্র শিক্ষকের মাথায় আঘাত করেন এবং পরে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এ ছাড়া স্ট্যাম্পের সুচালো অংশ দিয়ে পেটের বিভিন্ন অংশে আঘাত করেন।
গুরুত্বর আহত অবস্থায় উৎপলকে প্রথমে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার ভোরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উৎপল কুমার সরকার ওই প্রতিষ্ঠানের কলেজ শাখার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এবং শৃঙ্খলা কমিটির সভাপতি ছিলেন।
এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই অসীম কুমার সরকারের করা মামলায় গতকাল বুধবার গাজীপুরের শ্রীপুর থেকে অভিযুক্ত ছাত্রকে হেফাজতে নেয় র্যাব। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছাত্রের বাবাকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ডে নিয়েছে আশুলিয়া থানা–পুলিশ।
মামলার প্রধান আসামি ওই ছাত্রের বয়স নিয়ে প্রশ্ন উঠেছে। গত রোববার আশুলিয়া থানায় উৎপল কুমারের ভাই অসীম কুমার সরকারের করা মামলায় আসামির বয়স ১৬ বলে উল্লেখ করা হয়।
প্রথম আলোর কাছে ওই ছাত্রের ২০২০ সেশনের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের কপি রয়েছে। এতে তাঁর জন্ম ২০০৩ সালের ১৭ জানুয়ারি লেখা। এ হিসাবে আজ তাঁর বয়স হয় ১৯ বছর ৫ মাস ১৩ দিন। স্কুলে ভর্তির আগে তিনি উত্তরার তানজিমুল উম্মা আলিম মাদ্রাসার শিক্ষার্থী ছিল।