
রেলপথমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বলেছেন, বিরোধী দল নানাভাবে দেশকে এবং সরকারকে বেকায়দায় ফেলতে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে। তাদের নেত্রী খালেদা জিয়া সাজাপ্রাপ্ত। সংবিধান অনুযায়ী তাঁর নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। তারেক রহমান, তিনিও পলাতক এবং সাজাপ্রাপ্ত। কাজেই তারা নির্বাচনে আসতে চায় না।
আজ শনিবার দুপুরে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পঞ্চগড় রেলস্টেশনে পঞ্চগড়-সান্তাহার রুটে আন্তনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেসের উদ্বোধন এবং স্টেশনের নবনির্মিত তোরণ, সংযোগ সড়ক ও কার পার্কিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘এর আগে বিএনপি অন্ধকার পথে, চোরাই পথে ক্ষমতায় এসেছিল। বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে দল গঠন করেছেন। একইভাবে এরশাদ “মার্শাল ল” দিয়ে ক্ষমতা গ্রহণ করে তারপর দল গঠন করেছেন। যারা আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নির্বাচন করবে, তাদের অতীত ইতিহাস আপনারা লক্ষ করে দেখুন। ক্ষমতায় আসার পর সারা দেশে তারা দুর্নীতি–সন্ত্রাস ছড়িয়ে দিয়েছিল। স্বাধীনতাবিরোধী শক্তি, যারা আমাদের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, সেই শক্তিকে ঐক্যবদ্ধ করে তারা ভিত্তি তৈরি করার চেষ্টা করেছিল। সেই শক্তি এখনো সক্রিয় আছে। তারা বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা বলে ধর্মীয় সেন্টিমেন্ট তৈরি করে চোরাই পথে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় আসতে চায়।’
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের বিষয়ে মন্ত্রী বলেন, এই রেল চালু হওয়ার ফলে উত্তরাঞ্চলের কৃষকেরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য সহজে রেলে পরিবহন করতে পারবেন। এতে তাঁরা আর্থিকভাবে লাভবান হবেন। এ ছাড়া চিকিৎসাসেবাসহ নানা কাজে মানুষ সহজে রংপুর যাতায়াত করতে পারবেন।
পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত নতুন রেললাইন স্থাপন কাজ শুরু হবে জানিয়ে নূরুল ইসলাম বলেন, ইতিমধ্যে রেল বিভাগ চট্টগ্রাম-কক্সবাজার, সিরাজগঞ্জ-বগুড়া, খুলনা-যশোর, খুলনা-মোংলাসহ অনেক স্থানে নতুন রেললাইন স্থাপনের কাজ চলছে। অচিরেই পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের কাজ শুরু হবে। এতে ভারতের সঙ্গে যোগাযোগ উন্নত হবে। এ ছাড়া আগামী বছরের জুনের মধ্যেই রেলযোগে পঞ্চগড় থেকে সরাসরি কক্সবাজার যাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
টিকিট কালোবাজারি প্রসঙ্গে মন্ত্রী বলেন, রেলের টিকিট কালোবাজারি দূর করতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির চিন্তাভাবনা করা হচ্ছে। মোবাইল অ্যাপের মাধ্যমে সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এতে বাড়িতে বসেই মানুষ রেলের টিকিট পাবে।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আনোয়ার সাদাত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের বিভাগীয় ম্যানেজার শাহ সুফী নূর মোহাম্মদ বক্তব্য দেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি শনিবার উদ্বোধনী দিনে প্রতীকীভাবে কিসমত রেলস্টেশনে গিয়ে ফিরে আসে। ট্রেনটি ১৩ জুন সকাল থেকে পুরোদমে চলাচল করবে। পঞ্চগড় থেকে ট্রেনটি প্রতিদিন সকাল ছয়টায় সান্তাহারের উদ্দেশে ছেড়ে যাবে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও বগুড়া জেলার মোট ১৭টি স্টেশন ঘুরে সান্তাহার পৌঁছাবে বেলা ৩টা ৫০ মিনিটে। অন্যদিকে সান্তাহার থেকে আরেকটি ট্রেন প্রতিদিন বেলা ১১টায় পঞ্চগড়ের উদ্দেশে ছাড়বে। পঞ্চগড়ে পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে।
পঞ্চগড়ের স্টেশনমাস্টার মাসুদ পারভেজ বলেন, দোলনচাঁপা এক্সপ্রেস এর আগে শুধু দিনাজপুর-সান্তাহার রুটে চলাচল করত। উত্তরাঞ্চলের মানুষের সুবিধার্থে ট্রেনটি এখন পঞ্চগড় পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ১৩ জুন থেকে ট্রেনটি নিয়মিত চলাচল করবে।