
বগুড়ায় সন্তান প্রসবের চার ঘণ্টা পর করোনায় আক্রান্ত মায়ের মৃত্যু হয়েছে। রোববার বগুড়ার করোনা বিশেষায়িত সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে তিনি মারা যান।
মারা যাওয়া গৃহবধূর নাম সানজিদা বেগম (২৩)। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রামের মোহাম্মাদ রিমনের স্ত্রী। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ৮০০ ছাড়াল।
মোহাম্মদ আলী হাসপাতাল সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত সানজিদা বেগমকে শনিবার রাতে শ্বাসকষ্ট ও প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার ভোর সাড়ে চারটার দিকে তিনি এক ছেলেসন্তানের জন্ম দেন। সকাল সাড়ে আটটার দিকে প্রচণ্ড শ্বাসকষ্টে তিনি মারা যান।
মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক এ টি এম নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, করোনায় আক্রান্ত ছাড়াও সানজিদা নামের ওই নারী অন্য রোগেও ভুগছিলেন। সন্তান জন্ম দেওয়ার ঘণ্টা চারেক পর তাঁর মৃত্যু হয়েছে।
এদিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে সেলিনা বেগম (৪৬) নামের নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সেলিনা বগুড়া কাহালু উপজেলার বাসিন্দা ছিলেন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮০১।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় ২৪ ঘণ্টায় ৩৪৩ জনের নমুনা পরীক্ষায় ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৯ দশমিক ৬৫ শতাংশ। রোববার জেলার দুই হাসপাতালে করোনায় দুজন নারীর মৃত্যু হয়েছে।
বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৯০ জন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ৪১, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন চিকিৎসাধীন।