সন্ধ্যায় মায়ের খবর নিলেন, রাতে শুনলেন ছেলেই নেই

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণে ছেলে আফজালকে হারিয়ে মায়ের আহাজারি। রোববার সীতাকুণ্ড পৌর সদরের মধ্যম মহাদেবপুর ভূঁইয়া পাড়া এলাকায় আফজালের বাড়িতে
ছবি: প্রথম আলো

‘আঁর আফজাল কই। ও আফজাল। তুই কডে গেলি। আঁর বুকের ধনরে ছাড়া আঁই বাঁইচত্তম ন।’ বিস্ফোরণে নিহত তরুণ আফজাল হোসেনের মা শামসুন্নাহারের আহাজারি যেন থামছেই না। সান্ত্বনা দিতে আসা প্রতিবেশীরাও ভেঙে পড়ছেন কান্নায়।

আজ রোববার দুপুরে সীতাকুণ্ড পৌর সদরের মহাদেবপুর গ্রামে গিয়ে দেখা যায় এই দৃশ্য। ষাটোর্ধ্ব শামসুন্নাহার বিলাপ করতে করতে চট্টগ্রামের ভাষায় বললেন, সন্ধ্যায় ফোন করে মায়ের খবর নিয়েছিলেন। জিজ্ঞেস করেন নাশতা খেয়েছেন কি না। রাতে শুনলেন ছেলেই নেই।

এ সম্পর্কিত আরও পড়ুনঃ

ছুটি শেষে কর্মস্থলে যোগ দেওয়ার রাতেই প্রাণ গেল আলাউদ্দিনের

‘পুড়ে যাচ্ছি, মরে যাচ্ছি’ বলতে বলতেই মারা গেলেন মহিউদ্দিন

ভিডিও কলে কথা বলতে বলতে বিস্ফোরণ, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সোবহানের

ডিপোতে দাঁড়িয়ে করছিলেন ফেসবুক লাইভ, হঠাৎ বিস্ফোরণে গেল প্রাণ

‘আব্বু কেন যে ডিপোতে গেলেন’

গতকাল শনিবার রাত ১১টায় চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে বিস্ফোরণে আফজাল হোসেন (২০) নিহত হন। আফজাল ছিলেন ডিপোর কর্মচারী। তাঁদের বাড়ি সীতাকুণ্ড পৌর সদরের মহাদেবপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. সোলায়মান। তিনি গত বছরের ১৫ আগস্ট হঠাৎ মারা যান। বাবা জীবিত থাকতেই এক বছর আগে বিএম কনটেইনার ডিপোতে চাকরি নেন আফজাল।

চার ভাইয়ের মধ্যে আফজাল ছিলেন সবার ছোট। তাঁদের বাবা সোলায়মান সীতাকুণ্ড পৌর সদরের মহন্তের হাটের সবজি বিক্রেতা ছিলেন। বাবার মৃত্যুর পর বড় ভাই আনোয়ার হোসেন সেই সবজি দোকানটি চালান। অন্য দুই ভাই ইমাম হোসেন ও আমজাদ হোসেন গ্যারেজে কাজ করেন।

শামসুন্নাহার প্রথম আলোকে বলেন, চার ভাইয়ের মধ্যে আফজাল ছিল খুবই সহজ–সরল এবং সবার আদরের। বাড়ি থেকে কর্মস্থল দূরে হওয়ায় তিনি কর্মস্থলের কাছাকাছি ছোট কুমিরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিন তাঁকে অন্তত একবার হলেও ফোন দিতেন। তাঁর শরীরের খোঁজখবর নিতেন এবং খাওয়াদাওয়া ঠিকমতো করেছেন কি না খবর রাখতেন।

যখন আফজালের মায়ের সঙ্গে এই কথাগুলো হচ্ছিল, তখন তাঁর ভাই আনোয়ার হোসেন আফজালের লাশ আনতে গেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

মুঠোফোনে আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ লাশ শনাক্ত করার জন্য জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য কাগজপত্র নিয়ে আসতে বলেন। তাঁরা সেগুলো জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। সব কাগজপত্র দেওয়ার পর লাশটি তাঁদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে সেই লাশ সীতাকুণ্ডে এনে দাফন করা হবে।