সিলেটে পাঁচ দফা দাবিতে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহনশ্রমিকেরা। ধর্মঘটের কারণে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে। গতকাল শনিবার বিকেলে নগরে মাইকিং করে এ কর্মসূচি ঘোষণা করে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন।
শ্রমিক ইউনিয়ন সূত্র জানিয়েছে, ১ মে মহান মে দিবসের কর্মসূচিতে এক শ্রমিকনেতার অনুসারী লোকজন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের মিছিলে অনুপ্রবেশ করে অটোরিকশা ভাঙচুর করেছেন। এ ঘটনায় শ্রমিকনেতাদের আসামি করে থানায় মামলা করা হয়। এ মামলা প্রত্যাহারসহ আরও কয়েকটি দাবিতে পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ বলেন, শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে। দাবি মেনে নেওয়ার ব্যাপারে স্থানীয় প্রশাসন উদ্যোগ না নিলে ধর্মঘট অব্যাহত থাকবে।