সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে কোভিড-১৯–এ আক্রান্ত কানাইঘাটের এক বৃদ্ধ (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
এই চিকিৎসক বলেন, মারা যাওয়া ওই ব্যক্তি কানাইঘাটের বাসিন্দা। ২৬ মে তাঁর শরীরের নমুনা সংগ্রহ করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। ২৮ তারিখে রিপোর্ট পজিটিভ আসে। পরের দিন তাঁর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।
আরএমও বলেন, লাশটি স্থানীয় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং উপজেলার দাফন কমিটির উদ্যোগ ও তৎপরতায় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।