
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চারটি মাছের ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে ২০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ধুরাইল ইউনিয়নের জৈতক-গুইংগাজুরী এলাকায় এ ঘটনা ঘটেছে।
ওই চার মাছের ঘেরের মালিক মো. আবু সিদ্দিক। তিনি ধুরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আবু সিদ্দিকের অভিযোগ, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে আবু সিদ্দিকের ওই চার ঘেরের মাছ মরে পানিতে ভাসতে থাকে। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তাঁরা আবু সিদ্দিকের পরিবারকে জানান। পরে আবু সিদ্দিক তাঁর ঘেরে দেখেন, পাবদাসহ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ মরে ভেসে উঠেছে।
আবু সিদ্দিক বলেন, এ ঘটনায় তাঁর ২০ লক্ষাধিক টাকার মাছ মরে গেছে। আবু সিদ্দিকের বড় ছেলে কলেজশিক্ষক আবু রায়হান জানান, হয়তো কেউ পূর্বশত্রুতার জের ধরে তাঁদের সড়কের পাশে থাকা চারটি মৎস্যঘেরে এ বিষ প্রয়োগ করা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। এ ঘটনায় হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।
জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।