জারুল-সোনালু ও কৃষ্ণচূড়ার মনভোলানো সৌন্দর্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে

ফুটেছে কৃষ্ণচূড়া ফুল। বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে
ছবি: এম সাদেক

লালমাই পাহাড়ের কোলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পিচঢালা পাহাড়ি পথের এক পাশে বেগুনি রঙের থোকা থোকা জারুল ফুল। আরেক পাশে হলদেটে ঝুলন্ত সোনালু ফুল। এর মধ্যে শোভাবর্ধন করছে রক্তাক্ত লাল রঙের কৃষ্ণচূড়া ফুল। তিন প্রজাতির ফুলের মনমাতানো রূপে অপরূপ পুরো ক্যাম্পাস। গ্রীষ্মের খরতাপে প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্য সবুজে ঘেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মনে দোলা দিচ্ছে। বাড়তি আনন্দ দিচ্ছে পর্যটকদেরও।

বসন্তের শেষে ও গ্রীষ্মের শুরুতে বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এ সময় সবুজঘেরা উঁচু-নিচু টিলা ও ক্যাম্পাসের সড়কের দুই পাশে থাকা বিভিন্ন প্রজাতির গাছে নানা প্রজাতির ফুল ফুটেছে। পুরো ক্যাম্পাসের গাছগুলোতে সবুজ কচি পাতা। এরই মধ্যে জারুল, সোনালু ও কৃষ্ণচূড়া রূপ মেলেছে। থোকায় থোকায় কাঁঠালও ধরেছে গাছে। রোজা ও ঈদুল ফিতরের ছুটির পর গত রোববার বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। একই সঙ্গে খুলেছে বিশ্ববিদ্যালয়ের হলগুলো। ক্যাম্পাস খোলার পর প্রকৃতির এমন মনোরম দৃশ্য দেখে যারপরনাই খুশি বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।

সড়কের এক পাশে সোনালু, অপর পাশে জারুল ফুলে ছেয়ে গেছে গাছ। বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, প্রশাসনিক ভবনের সামনে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। একাডেমিক ভবনের গা ঘেঁষে কৃষ্ণচূড়ার ডালে ডালে ফুল। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে এগোলে প্রশাসনিক ভবনের সামনে বাসস্ট্যান্ড, ব্যাডমিন্টন খেলার মাঠ, কলা ও বাণিজ্য অনুষদ ঘিরে কৃষ্ণচূড়া ফুল। প্রশাসনিক ভবনের দক্ষিণ পাশে টিলার মধ্যে কাঁঠাল আর কাঁঠাল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লালমাই পাহাড়ের আঁকাবাঁকা পিচঢালা পথের একপাশে জারুল, আরেক পাশে সোনালু ফুল। মুক্তমঞ্চ ঘিরে জারুল ফুল, ফুলগুলো গাছের শাখার ডগায় ফুটে আছে। ক্যাফেটেরিয়ার সামনে ঝুলন্ত সোনালু ফুল। শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ ফুলের ছবি তুলছিলেন।

ফুলে ফুলে ছেয়ে গেছে গাছ।বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে কয়েক শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, সমতল খরতাপে পুড়ছে। ওপরে তাকালে ফুলের রূপ দেখলে মনটা ফুরফুরে হয়ে ওঠে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী ঐশী ভৌমিক বৃহস্পতিবার সকালে তাঁর ফেসবুকে কৃষ্ণচূড়ার ছবি পোস্ট করেন। বোঝা গেল, একাডেমিক ভবনের বেলকনিতে এসে সেই ছবি তোলা। পেছনে ডালে ডালে সবুজ পাতার মধ্যে কৃষ্ণচূড়া ফুল। পোস্টে ঐশী ভৌমিক উল্লেখ করেন, ‘ঈদের ছুটির পর ক্যাম্পাসে এসে দেখি, সে (কৃষ্ণচূড়া) তাকে নিজে নিজে সুন্দর করে সাজিয়ে তুলেছে।’

গাছে ফুলের সমারোহ।বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ক্যাম্পাস ছুটি ছিল। গাছ ও ফুলকে কেউ বিরক্ত করেনি। প্রকৃতির আপন খেয়ালে নিজেদের মেলে ধরেছে। এমনিতেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় সুন্দর। এর নৈসর্গিক রূপ সবাইকে মোহিত করে। জারুল, সোনালু ও কৃষ্ণচূড়ার রঙে রঙিন এখন পুরো ক্যাম্পাস।