ত্রিশালে বেইলি সেতুটি ভাঙার ঘটনায় ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলের ঘাট এলাকায় বেইলি সেতু ভেঙে নদীতে পড়ে যায়
ছবি: প্রথম আলো

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে খিরু নদের ওপর বেইলি সেতু দিয়ে লরি পার হওয়ার সময় সেতুটি ভেঙে যাওয়ার ঘটনায় ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতনামা লরিচালককে আসামি করে ত্রিশাল থানায় মামলাটি করেছেন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপসহকারী প্রকৌশলী আবদুল হালিম।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, মামলায় ৩০ কোটি টাকা ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। সে টাকা ক্ষতিপূরণ কে দেবেন, সেটি আদালত নির্ধারণ করবেন। মামলা হলেও আজ শুক্রবার সকাল পর্যন্ত লরিচালককে শনাক্ত করা যায়নি।

গত বুধবার বিকেলে চেলেরঘাট এলাকায় খিরু নদের ওপর বেইলি সেতুটি দিয়ে ১২০ টন ভারবাহী ৪২ চাকার একটি লরি পার হওয়ার সময় সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়। লরিতে বিদ্যুতের একটি ট্রান্সফরমার ছিল। ওই সময় সেতুতে একটি ব্যক্তিগত গাড়ি ছিল। গাড়িটিও সেতুর সঙ্গে নদীতে পড়ে যায়। এতে গাড়িতে থাকা তিনজন যাত্রী আহত হয়েছেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলের ঘাট এলাকায় সুতিয়া নদীতে ভেঙে পড়া বেইলি সেতু। বুধবার বিকেলে

সওজ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটি ১৯৮৮ সালে নির্মাণ করা হয়েছিল। পরবর্তী সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত হলেও বেইলি সেতুটির পাশে আরও একটি সেতু নির্মাণ করে সওজ। নতুন সেতুটি নির্মাণের পর বেইলি সেতুটি চার লেন সড়কের একটি পাশ হিসেবে ব্যবহার হয়ে আসছিল। সেতুটি ভেঙে পড়ায় পাশের সেতুটি দিয়ে দুই পাশের যানবাহন চলাচল করছে। ভেঙে পড়া বেইলি সেতুটি পুরোনো হলেও সেটি সচল ছিল। অতিরিক্ত ভারবাহী ৪২ চাকার লরিটি সেতুতে ওঠার পরপর সেটি ভেঙে পড়ে।