
সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগের এক নেতা আহত হয়েছেন। গতকাল রোববার রাতে সিলেট নগরের শাহি ঈদগাহ মোড়ে এ ঘটনা ঘটে।
আহত আওয়ামী লীগ নেতার নাম আমিনুর রহমান। তিনি সিলেট নগরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুর রহমান গতকাল রাত সাড়ে ১০টার দিকে নগরের শাহি ঈদগাহ মোড়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে চার থেকে পাঁচজন যুবক তাঁর ওপর অতর্কিত হামলা চালান। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তাঁর পেট, হাত ও পা জখম হয়। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাঁকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিলেটের বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দে বলেন, আহত আমিনুর রহমান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তবে পুলিশ ঘটনাটির তদন্ত করছে।