পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব

যুক্তিবাদী ও আলোকিত হতে সাহায্য করে বিতর্ক

যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের একদল শিক্ষার্থীর জাতীয় সংগীতের মধ্য দিয়ে বিতর্ক উৎসব শুরু হয়। শনিবার সকালে। ছবি: প্রথম আলো ক্যাপশন: জাতীয় সংগীতের সময় সবাই দাঁড়িয়ে গলা মেলান। শনিবার সকালে যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে
ছবি: প্রথম আলো

‘মাদকমুক্ত রাখার ক্ষেত্রে পরিবার নয়, শিক্ষকদের ভূমিকাই প্রধান’ শিরোনামে আজ শনিবার সকাল ১০টায় পুষ্টি-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উৎসবে যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বিতার্কিকদের মধ্যে বাগ্‌যুদ্ধ শুরু হয়। বিদ্যালয়ের পাঁচটি শ্রেণিকক্ষে প্রথম রাউন্ডে একই সঙ্গে ১০টি স্কুলের বিতার্কিকদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।

বিতর্ক শুরুর আগে যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ এ বিতর্ক উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠান সুন্দর ও সার্থক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে নারায়ণ চন্দ্র দেবনাথ বলেন, ‘প্রথম আলোর স্কুল বিতর্ক উৎসব অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ। বিতর্কচর্চা একটি পরিশীলিত শিল্পমাধ্যম, যা মানুষকে যুক্তিবাদী ও আলোকিত হতে সাহায্য করে।’

‘যোগ দাও যুক্তির মেলায়’ প্রতিপাদ্যে যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে সকাল ৯টায় বিতর্ক উৎসবের উদ্বোধন করা হয়। এতে যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শুরুতেই যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের একদল শিক্ষার্থীর পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

উদ্বোধনী পর্বে বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকারী পরিচালক হাসান মাহমুদ। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম। প্রথম আলো বন্ধুসভা যশোরের সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদকের কুফল নিয়ে বিতার্কিকদের উদ্দেশে বক্তব্য দেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হক। তিনি বলেন, ‘মাদক মানুষকে নিচে নামিয়ে দেয়। স্বজনদের প্রতি মায়া–মমতা কমিয়ে দেয়। ভালো-মন্দ বোঝার ক্ষমতা নষ্ট করে দেয়। এ জন্য তোমরা কৌতূহলেও কখনো মাদক স্পর্শ করবে না। একবার মাদক ধরলে সুস্থ জীবনে ফিরে আসা অত্যন্ত কঠিন। এ জন্য আমাদের মাদক থেকে দূরে থাকতে হবে।’ মাদকের বিরুদ্ধে যুক্তি দিয়ে জনমত গঠন করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

জাতীয় সংগীতের সময় সবাই দাঁড়িয়ে গলা মেলান। শনিবার সকালে যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুক্তি দিয়ে কথা বললে মানুষ এগিয়ে যায়, সৃজনশীল হয়ে ওঠে। একজন বিতার্কিকই যুক্তি দিয়ে সত্য বলে দেশের উন্নয়নে অংশ নিতে পারে। মেধাকে শাণিত করতে হলে যুক্তির মেলায় জড়ো হতে হবে। এ জন্য বিতর্কের বিকল্প নেই। কারণ, বিতর্ক সমাধানের পথ দেখায়।

উৎসবে সনাতনী বিতর্কের ওপর কর্মশালা হয়। যশোর ক্যান্টনমেন্ট কলেজের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও কলেজ বিতর্ক ক্লাবের আহ্বায়ক এস এম তাজ উদ্দীন এ পর্বে বিতর্কের খুঁটিনাটি বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। এরপর বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। সনাতনী বিতর্কের সঙ্গে বারোয়ারি বিতর্ক হয়। এর মধ্যে কুইজ প্রতিযোগিতাও রয়েছে।

১৪ জুলাই থেকে পুষ্টির পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর উদ্যোগে এই স্কুল বিতর্ক উৎসব শুরু হয়। দেশের ৩৯টি অঞ্চলে এ উৎসব হচ্ছে। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা ঢাকায় জাতীয় পর্বে অংশ নেবে। প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় এ প্রতিযোগিতার প্রচার সহযোগী নাগরিক টিভি।