চুরির অভিযোগে পিটুনিতে মৃত্যুর ঘটনায় মামলা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

মাদারীপুরের রাজৈরে চুরির অভিযোগে পিটুনিতে গোবিন্দ রায় (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে রাজৈর থানায় নিহত ব্যক্তির ভাতিজা রমেণ রায় বাদী হয়ে ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলায় রাজৈর উপজেলার পূর্ব নাগরদি এলাকার শুকদেব মালো (৫০) ও তাঁর স্ত্রী বীথি মালোকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁদের আদালতে পাঠানো হবে।

মামলার এজাহার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের পূর্ব নাগরদি এলাকার শুকদেব মালোর টিনশেড ঘরের বেড়া কেটে ভেতরে ঢোকেন গোবিন্দ নামের এক ব্যক্তি। ঘরের লোকজন বিষয়টি টের পেয়ে তাঁকে আটক করেন। পরে তাঁকে বেদম পিটুনি দেওয়া হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তাঁর লাশ সড়কের পাশের একটি পরিত্যক্ত দোকানে রেখে দেওয়া হয়। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোবিন্দর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় ঘোষ প্রথম আলোকে বলেন, চুরির অভিযোগে গোবিন্দ রায়কে পিটিয়ে হত্যার অভিযোগে তাঁর ভাতিজা মামলা করেছেন। এ ঘটনার পরপরই পুলিশ পূর্ব নাগরদি এলাকা থেকে শুকদেব মালো ও তাঁর স্ত্রী বীথি মালোকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনে। রাতে মামলা হলে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।