
কুলসুমা বিবির বয়স ৭০। প্রায় ৩০ বছর ধরে হাওর এলাকায় নারীদের স্বাভাবিকভাবে সন্তান প্রসবে সহায়তা করছেন। তাই এলাকায় তিনি ‘জননী’ হিসেবে পরিচিত। বয়স হওয়ায় এখন কুলসুমার ব্যস্ততা কিছুটা কমেছে।
কুলসুমা বলেন, ‘এখন বয়স অইগিছে, তবু মানুষ ডাকে, রাইত-রিবাইতে নিবার লাগি আয়। আমিও যাই। কামটা ত ভালা। মানুষের উপকার অয়। মানুষ খুশি অয়।’
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী উল্টর শ্রীপুর ইউনিয়নের খালিশাজুরী গ্রামের কুলসুমার বাড়ি। কুলসুমা বলেন, বিয়ের পর এক চাচিশাশুড়ির সঙ্গে বাড়ি বাড়ি যেতেন তিনি। দেখে দেখেই নারীদের স্বাভাবিক সন্তান প্রসব করানোর কাজটি তখন শিখেছিলেন। একসময় উপজেলায় ধাত্রীসেবা বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। নিজের বয়স হওয়ায় এখন তিনি অন্য নারীদের ধাত্রীর কাজটি শিখিয়েছেন।
এ পর্যন্ত তিন হাজারের বেশি নারীর সন্তান প্রসবের ‘জননী’ হিসেবে কাজ করেছেন কুলসুমা। তাঁর দুই ছেলে ও এক মেয়ের ১৩ জন নাতি-নাতনি আছেন। সবার প্রসব করিয়েছেন কুলসুমা বেগম নিজে। ধাত্রীসেবা দিতে গিয়ে তিনি বা এলাকার অন্য যাঁরা কাজ করেন, তাঁরা কোনো অর্থ নেন না। তবে এলাকায় রেওয়াজ আছে, যেদিন নবজাতককে প্রথম আঁতুড় ঘর থেকে বের করা হয়, সেদিন ওই পরিবার সাধ্যমতো দাওয়াতের আয়োজন করে। সেদিন ধাত্রীকেও আমন্ত্রণ জানানো হয়। তখন কেউ কেউ খুশি হয়ে ধাত্রীকে নতুন শাড়ি উপহার দেন। এই চল এখনো গ্রামে আছে।
কুলসুমা বিবি বলেন, একসময় গ্রামে নারীদের সন্তান প্রসবে তাঁরাই মূল ভূমিকা পালন করতেন। তখন গ্রামের যোগাযোগব্যবস্থা এখনকার মতো উন্নত ছিল না। মানুষজন উপজেলা সদরে কিংবা শহরে যাওয়ার চিন্তাও করত না। এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকে প্রসূতি নারীদের গর্ভকালীন নানা পরামর্শ দেওয়া হয়। ফলে বাড়ির বদলে অনেকে হাসপাতালে যাচ্ছেন। তবে অনেকেই আছেন, যাঁরা ধাত্রীর মাধ্যমে সন্তান প্রসবের কাজটি করিয়ে থাকেন।
কেমন ছিল তাঁর কাজের অভিজ্ঞতা? কুলসুমা জবাবে বলেন, নিজের গ্রাম তো আছেই, হাওরের দূরদূরন্ত থেকে লোকজন এসে তাঁকে নিয়ে যেত। দিন নেই, রাত নেই, যখন-তখন তাঁর ডাক পড়ত। তখন যোগাযোগব্যবস্থা ভালো ছিল না। বর্ষায় নৌকা আর হেমন্তে হেঁটেই যেতে হতো গ্রামগুলোতে।
কুলসুমা বিবি জানান, এখন এক ছেলের বউ তাঁর সঙ্গে থেকে ধাত্রীর কাজ শিখেছেন। গ্রামের আরও কয়েকজন ধাত্রীর কাজটি করছেন। তিনি তাঁদের পরামর্শ দেন। কখনো নিজে উপস্থিত থেকে অন্য ধাত্রীদের কীভাবে কাজটি করতে হয় সেটি শেখান।
কুলসুমা বিবির ছেলের বউ ঝর্ণা বেগম (৫০) জানান, তাঁর শাশুড়ি এই কাজে খুবই অভিজ্ঞ। এখনো জটিল কোনো সমস্যা দেখলে তাঁকে ডাকে লোকজন। তিনিও ছুটে যান।
খালিশাজুরী গ্রামের বাসিন্দা ও শিক্ষক রবিউল ইসলাম বলেন, কুলসুমা বিবিকে এলাকার সবাই সম্মান করেন। তিনিও মানুষকে নিঃস্বার্থভাবে সেবা দিয়ে যাচ্ছেন।