বঙ্গোপসাগরে দুটি ট্রলারডুবির ঘটনায় এক জেলে এখনো নিখোঁজ

ট্রলারডুবি
প্রতীকী ছবি

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ২৯ জেলেসহ মাছ ধরার দুটি ট্রলারডুবির ঘটনায় এখনো নিখোঁজ আছেন রাকিবুল ইসলাম নামের এক জেলে। আজ শনিবার দুপুর পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। একই সঙ্গে এফবি জোবায়ের ও এফবি মুনিয়া নামের ওই দুটি ট্রালারেরও হদিস মেলেনি।

গতকাল শুক্রবার দপুর সাড়ে ১২টার দিকে বঙ্গোপসাগরে হঠাৎ ঝড়ের কবলে ট্রলার দুটি ডুবে যায়। এ সময় সমুদ্রে মাছ ধরা অপর একটি ট্রলারের লোকজন দুটি ট্রলারের ২৮ জন জেলেকে উদ্ধার পারলেও রাকিবুল ইসলামের কোনো খোঁজ পাননি।

নিখোঁজ জেলে রাকিবুল ইসলাম রাঙ্গাবালী উপজেলার মৌডুবী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। আর উদ্ধার হওয়া জেলেদের বাড়ি রাঙ্গাবালী উপজেলার কাজি কান্দা ও মৌডুবী গ্রামে।

এফবি জোবায়ের ট্রলারের মালিক মো. ইলিয়াস মৃধা বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় উদ্ধার হওয়া দুটি ট্রলারের জেলেদের মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়েছে। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়ে যে যাঁর বাড়িতে ফিরে গেছেন। ট্রলারডুবিতে তাঁর প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ দুপুরে আলীপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি ও লতাচাপলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বলেন, নিখোঁজ জেলে রাকিবুল ও ট্রলার দুটির সন্ধানে আজ ফজরের নামাজের পর আলীপুর মৎস্য বন্দর থেকে দুটি মাছ ধরা ট্রলার সাগরে গেছে। সাগরের যে পয়েন্টে ট্রলারডুবির ঘটনা ঘটেছে, সেখানে ও এর আশপাশ এলাকায় ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ জেলের সন্ধান করা হবে।