ব্রাহ্মণবাড়িয়ায় লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

চলছে দাবদাহ। তাইতো এই গরম থেকে রক্ষা পেতে মেঘনার পানিতে ঝাঁপ দিয়ে দুরন্তপনায় মেতেছে শিশুরা। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সরাইলের আজবপুর গ্রামে
ছবি: প্রথম আলো

কয়েক দিন ধরে দেশের তামপাত্রা বাড়ায় দেখা দিয়েছে দাবদাহ। এর সঙ্গে যুক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিদ্যুৎ-সংকটে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে প্রতিদিন সকালে ও বিকেলে ৩ থেকে ৪ ঘণ্টা এবং পল্লী বিদ্যুতের আওতাধীন উপজেলাগুলোতে ৮ থেকে ১০ ঘণ্টা লোডশেডিং হচ্ছে।

চাহিদার তুলনায় সরবরাহ প্রায় অর্ধেক থাকায় কয়েক দিন ধরে জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় লোডশেডিংয়ের এই অবস্থা চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা শহর, আশুগঞ্জ, সরাইল, বাঞ্ছারামপুর উপজেলায় বিদ্যুৎ-সরবরাহ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিতরণ বিভাগ। তারা এলাকাগুলো দুই ভাগে বিভক্ত করেছে। একটি শহরের দক্ষিণ দিকের পাঁচটি এলাকা এবং অন্যটি উত্তর দিকের সাতটি এলাকা। জেলা শহরের দক্ষিণে আবাসিক গ্রাহক ৫৬ হাজার ৬১০, বাণিজ্যিক গ্রাহক ৫ হাজার ৫০০ এবং ক্ষুদ্র কুটিরশিল্প ৩৯০টি। শহরের উত্তরে আবাসিক ৩৭ হাজার ১৫, ক্ষুদ্র কুটির শিল্প ৪৭১ এবং বাণিজ্যিক গ্রাহক ৩ হাজার ৯৯৭টি। বিকেল পাঁচটা থেকে রাত ১১ পর্যন্ত সময়কে পিক আওয়ার এবং রাত ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সময়কে অফ পিক আওয়ার বলে।

দক্ষিণে পিক আওয়ারে বিদ্যুৎ প্রয়োজন ২৫ থেকে ২৫ দশমিক ৫০ মেগাওয়াট, অফ পিক আওয়ারে ২০ থেকে ২২ মেগাওয়াট এবং উত্তরে পিক আওয়ারে ২৮ মেগাওয়াট ও অফ পিক আওয়ারে ১৭ থেকে ২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। দক্ষিণে গত শুক্রবার অফ পিক আওয়ারে চাহিদার ২১ মেগাওয়াটের জায়গায় বিদ্যুতের বরাদ্দ মিলেছে ১৫ মেগাওয়াট। একই দিন পিক আওয়ারে রাত ১০টার পর চাহিদার ২৫ দশমিক ৫০ মেগাওয়াটের পরিবর্তে বরাদ্দ মিলেছে ১৬ মেগাওয়াট। গতকাল শনিবার অফ পিক আওয়ারে বেলা ১১টা পর্যন্ত চাহিদার ২২ মেগাওয়াটের পরিবর্তে বিদ্যুতের বরাদ্দ মিলেছে ১১ মেগাওয়াট এবং দুপুর ১২টার পর বরাদ্দ মিলেছে ১৩ মেগাওয়াট। একই দিন পিক আওয়ারে চাহিদার ২৬ মেগাওয়াটের জায়গায় বিদ্যুতের বরাদ্দ মিলেছে ১৮ মেগাওয়াট। শহরের উত্তরে অফ পিক আওয়ারে চাহিদার ১৮ মেগাওয়াটের জায়গায় বরাদ্দ মিলছে ১০ থেকে ১২ মেগাওয়াট এবং পিক আওয়ারে চাহিদার ২২ মেগাওয়াটের জায়গায় বিদ্যুৎ বরাদ্দ মিলছে ১০ থেকে ১২ মেগাওয়াট। শহরের উত্তরে গড়ে ৪০ থেকে ৪৫ শতাংশ লোডশেডিং হচ্ছে।

পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, ‘চাহিদার তুলনায় যতটুকু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, ততটুকু বিতরণ করা হচ্ছে। গত শনিবার পিক আওয়ারে রাত ১০টার পর চাহিদার তুলনায় সাড়ে ৯ মেগাওয়াট এবং রোববার পিক আওয়ারে চাহিদার তুলনায় ৮ মেগাওয়াট বিদ্যুৎ কম পেয়েছি। একেকটি ফিডারে গড়ে তিন থেকে চার ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। আবাসিক ও বাণিজ্যিক মিলিয়ে তাঁদের গ্রাহকসংখ্যা ৬২ হাজার ৫০০। এই অবস্থার কবে উন্নতি কবে হবে এর উত্তর তাঁর জানা নেই বলে জানান তিনি।

পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর (শহরের উত্তর) নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘শহরের উত্তর দিকে ৪০ থেকে ৪৫ শতাংশ লোডশেডিং হচ্ছে। যতটুকু বিদ্যুৎ প্রয়োজন, ততটুকু বরাদ্দ পাচ্ছি না।’

জেলা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর বাদে জেলার বাকি আট উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় পড়েছে। আট উপজেলায় আবাসিক, বাণিজ্যিক ও ক্ষুদ কুটির শিল্প মিলিয়ে পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা ৫ লাখ ৩০ হাজার। পিক আওয়ারে পল্লী বিদ্যুৎ সমিতির চাহিদা ১৪০ থেকে ১৬৫ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু বিদ্যুৎ বরাদ্দ মিলছে ১০০-১১০ মেগাওয়াট। সকাল থেকে বিকেল পর্যন্ত সময়ে বিদ্যুতের চাহিদা ১০০-১১০ মেগাওয়াট। সেখানে বরাদ্দ মিলছে ৭০ থেকে ৯০ মেগাওয়াট।
শহরের কান্দিপাড়ার আশফাকুর রহমান বলেন, ‘গত শনিবার রাতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঘুমাতে পারিনি। প্রতিদিন রাতের চিত্র এখন এমন হয়ে গেছে। চলে বিদ্যুতের আসা আর যাওয়ার খেলা।’

বিজয়নগর উপজেলার সরকারি এক কর্মকর্তা বলেন, বিদ্যুতের দুরবস্থা। এক ঘণ্টা থাকে। পরের এক ঘণ্টা থাকে না।

জেলা শহরের কাজীপাড়া এলাকার এইচএসসি শিক্ষার্থী জান্নাত আক্তার প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছি। কলেজে নির্বাচনী পরীক্ষা চলছে। দাবদাহের সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং।’

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আখতার হোসেন বলেন, মোট চাহিদার তুলনায় তিন ভাগের এক ভাগ বিদ্যুৎ–বিভ্রাট থাকে। কোনো কোনো সময় আরও বেশিও থাকে। মাঝেমধ্যে দিনের অর্ধেক সময় বিদ্যুৎ–বিভ্রাট হয়ে থাকে। তিনি বলেন, ‘দিনের বেলা ৭০ থেকে ৯০ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পাই। তবে বেলা ১১টার পর ৯০ মেগাওয়াটের বেশি বরাদ্দও পাই। পিক আওয়ারে ৯০ থেকে ৯৫ এবং কখনো কখনো ১১০ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পাই।’