সড়কে পুলিশের হয়রানির প্রতিবাদে অটোরিকশাচালকদের বিক্ষোভ

সড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে অটোরিকশা চালকের বিক্ষোভ। সোমবার সকালে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা চৌরাস্তা মোড়ের স্ট্যান্ডে
ছবি: প্রথম আলো

ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের হয়রানি, অযথা জরিমানা আদায়ের অভিযোগে সড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার সকালে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা চৌরাস্তা মোড়ের স্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন চালকেরা।

টঙ্গিবাড়ী, লৌহজং, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা থেকে মুন্সিগঞ্জ সদরে যাতায়াতের প্রধান সড়কে সকাল ৯টার দিকে চালকেরা বিক্ষোভ শুরু করেন। সকাল ১০টা পর্যন্ত এ কর্মসূচি চলে। এর ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে এ পথে নিয়মিত যাতায়াতকারী, স্থানীয়, পথচারী, চাকরিজীবী, শিক্ষার্থীসহ সব পেশার মানুষকে চরম বিপাকে পড়তে হয়।

বিক্ষোভকারী অটোরিকশাচালকদের অভিযোগ, গাড়ি নিয়ে রাস্তায় বের হলেই বিভিন্ন দোষ দেখিয়ে ট্রাফিক পুলিশ তাঁদের হয়রানি করছে। রাস্তার পাশে গাড়ি থামিয়ে যাত্রী নিলে অথবা রাস্তার কোনো পাশে দাঁড়ালেই গাড়ির চাবি নিয়ে যায়। গাড়ির সামনের কাচ, লাইট ভেঙে দেয়। কোনো কথা বললে অশালীন ভাষায় গালিগালাজ করে। গাড়ি আটকে রেখে জরিমানার নামে জোর করে ৫০০ থেকে ১০০০ টাকা চাঁদা আদায় করে। কখনো কখনো সারা দিনের জন্য ট্রাফিক কার্যালয়ে গাড়ি আটকে রাখা হয়। পুলিশের এমন কর্মকাণ্ড অব্যাহত থাকলে যাত্রী চলাচলের একমাত্র বাহন অটোরিকশা বন্ধ করে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন বিক্ষোভকারীরা।

অটোরিকশাচালক সমিতির সভাপতি সুমন খান বলেন, ‘আমরা অটোচালকেরা মুন্সিগঞ্জ শহরে ট্রিপ নিয়ে গেলে সদর উপজেলার সিপাহীপাড়া, মুক্তারপুর পাম্পের মোড় ও সুপার মার্কেট এলাকায় স্বেচ্ছাচারীভাবে জরিমানা করা শুরু করে ট্রাফিক পুলিশ। জোর করে কখনো দেড় হাজার, কখনো ২ হাজার, কখনো ৩ হাজার ২০০ টাকা করে জরিমানা করা হচ্ছে। টাকা না দিলে গাড়ি আটকে রাখা হচ্ছে। অটোরিকশা চালিয়ে কয় টাকার কাজ হয়। দেড়-দুই শ টাকার ট্রিপ নিয়ে যদি হাজার টাকা জরিমানা দিতে হয়, তাহলে আমাদের পথে বসা ছাড়া উপায় থাকবে না।’

কর্মসূচি চলার সময় সকাল ১০টার দিকে টঙ্গিবাড়ী থানার এক দল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তাঁরা চালকদের দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ-অবরোধ বন্ধ করেন চালকেরা।

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব খান প্রথম আলোকে বলেন, ‘সকালে আমরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যাই, চালকদের দাবিদাওয়া শুনি। পরে আমরা ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলেছি। বিনা কারণে চালকদের হয়রানি না করার অনুরোধ করি। কারও দোষ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করি। যাঁরা বিক্ষোভ করছিলেন, তাঁদের বিষয়টি বুঝিয়ে বলি। আমাদের কথায় আশ্বস্ত হয়ে তাঁরা বিক্ষোভ বন্ধ করে গাড়ি চালানো শুরু করেন।’

মুন্সিগঞ্জের মানুষের অভ্যন্তরীণ যাতায়াতের একমাত্র বাহন অটোরিকশা। বিক্ষোভের সময় টঙ্গিবাড়ী উপজেলার কুন্ডের বাজার থেকে বেতকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় সব অটোরিকশা বন্ধ ছিল। এতে সময়মতো অফিস–আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারেননি এ পথে যাতায়াতকারীরা। এ পথে যাতায়াতকারী ইউনুছ হাওলাদার বলেন, আজ আদালতে তাঁর মামলার হাজিরার তারিখ ছিল। রাস্তায় গাড়ি না চলার কারণে তিনি সময়মতো হাজিরা দিতে আদালতে যেতে পারেননি।