শাহজালাল বিমানবন্দরে জব্দ করা ৬৯টি বিদেশি পাখি বঙ্গবন্ধু সাফারি পার্কে

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা লাভবার্ড। আজ রোববার সকালে শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্য প্রাণী পরিচর্যাকেন্দ্রে
ছবি: সাদিক মৃধা

অনুমতি ছাড়া আমদানি করা ৬৯টি বিদেশি পাখি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে পাখিগুলো বঙ্গবন্ধু সাফারি পার্কে আনে বন বিভাগ। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা বিভাগীয় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পশুপাখি আমদানিকারক প্রতিষ্ঠান থ্রি টি ইন্টারন্যাশনাল অনুমতি ছাড়া বেলজিয়াম থেকে পাখিগুলো আমদানি করে। পাখিগুলোর মধ্যে আছে সাইটিস-১–এর হায়াসিন্থ ম্যাকাও, সাইটিস-২–এর তৌকানট, প্যাঁচা ও লাভবার্ড। বেলজিয়াম থেকে মাস্টার এয়ারওয়েজ ফ্লাইটে এসব ঢাকায় আনা হয়। গতকাল শাহজালাল বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ পাখিগুলো জব্দ করে বন বিভাগে খবর দেয়। পরে বন বিভাগের বন সংরক্ষক, বন্য প্রাণী ও ঢাকার প্রকৃতি সংরক্ষণ অঞ্চল এবং বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আমদানিকারক থ্রি টি ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষকে ৭২ লাখ টাকা জরিমানা করা হয়। পাখিগুলো সংরক্ষণ ও পালনের জন্য গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে। এসব পাখির আনুমানিক বাজার মূল্য ৮০ লাখ টাকা।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন‍্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাখিগুলো উদ্ধার করি। পরে এসব পাখি সাফারি পার্কে হস্তান্তর করা হয়। এগুলো আমদানির কোনো অনুমতি না থাকায় সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে।’

আজ সকালে সাফারি পার্কে গিয়ে দেখা যায়, বন্য প্রাণী চিকিৎসাকেন্দ্রের ভেতর একটি কক্ষে রাখা হয়েছে পাখিগুলো। এগুলো দেখতে বিচিত্র রং ও গঠনের। কিছুটা ধূসর রঙের প্যাঁচাগুলো খুব শান্তভাবে বসে আছে। প্যাঁচা হলেও এগুলো দেখতে দেশি পরিচিত প্যাঁচার মতো নয়। পাশে আছে হায়াসিন্থ ম্যাকাও। এগুলোর শরীরের রং ধূসর ও সবুজ রঙে মিশ্রিত। কালো লোমশ শরীরে তৌকানট অনবরত কর্কশ গলায় ডাকাডাকি করছে। এসব পাখির পাশেই একটি খাঁচায় রাখা হয়েছে লাভবার্ডগুলো। কিচিরমিচির শব্দে মুখর আশপাশ।

বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পাখিগুলো সাফারি পার্কের পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। এসব পাখির স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। পাখিগুলো পর্যটকদের সামনে প্রদর্শিত করা যাচ্ছে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।