সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশেই এটির অবস্থান। নদীপথেও আসা যায়। কেন্দ্রের ভেতরে পাঁচটি ভবন রয়েছে।

হাওর-অধ্যুষিত সুনামগঞ্জ জেলায় মাছের ব্যবসায়ীদের জন্য সুরমা নদীর তীরে দুই বছর আগে একটি মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ হয়েছে। প্রয়োজনীয় লোকবল থাকার পরও এখনো এই কেন্দ্রে কোনো কার্যক্রম শুরু হয়নি। তাই ভবন ও অন্য স্থাপনাগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। কেন্দ্রের কর্মীরা বলছেন, ব্যবসায়ীরা না আসায় কোনো কার্যক্রম শুরু করা যাচ্ছে না।
প্রশাসনিক সূত্রে জানা যায়, ২০১৮ সালে সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী এলাকায় সুরমা নদীর তীরে এক একর জমির ওপর কেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয়। কাজ শেষ হয়েছে ২০২১ সালের জুন মাসে। এতে ব্যয় হয়েছে সাড়ে ৯ কোটি টাকা।
সরেজমিনে দেখা যায়, সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশেই এটির অবস্থান। নদীপথেও এখানে আসা যায়। কেন্দ্রের ভেতরে পাঁচটি ভবন রয়েছে। এগুলো হলো অকশন শেড (নিলাম ছাউনি), প্যাকেজিং হাউস (প্যাকেটজাত করার স্থান) ও আড়তঘর, বরফ কল, অফিস কাম ডরমিটরি এবং বিদ্যুতের সাবস্টেশন। ভবনগুলো খালি পড়ে আছে। কোনো কার্যক্রম নেই।
ডরমিটরিতে কথা হয় কেন্দ্রের দুজন কর্মীর সঙ্গে। তাঁরা জানান, এখানে প্রায় দুই বছর ধরে একজন অফিস সহায়ক, একজন বরফ কল অপারেটর ও দুজন নিরাপত্তাকর্মীসহ চারজন কর্মী আছেন ছিলেন। সম্প্রতি ব্যবস্থাপক যোগ দিয়েছেন। কেন্দ্রটি চালুর জন্য বেশ কয়েকবার মাছের আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা আসার উদ্যোগ নিয়েও পরে আর আসেননি। এখানে ব্যবসায়ীদের জন্য থাকাসহ সব সুবিধা রয়েছে। শহরের একেবারে কাছে। তারপরও তাঁরা আসছেন না। ব্যবসায়ীরা না আসাতেই মূলত কোনো কার্যক্রম হচ্ছে না।
কর্মীরা আরও বলেন, প্রায় দেড় বছর ধরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন আছে। প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকা বিদ্যুৎ বিল আসে। যেহেতু এখনো কেন্দ্রে কার্যক্রম চালু হয়নি, তাই বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এতে কষ্টে আছেন কর্মীরা।
স্থানীয় বাসিন্দা মইন উদ্দিন বলেন, এটি খুবই ভালো জায়গা। জল ও স্থল উভয় পথেই যাতায়াতের সুবিধা আছে। কিন্তু দুই বছর ধরে ভবনগুলো পড়ে আছে, কোনো কার্যক্রম নেই।
সুনামগঞ্জ মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মহিবুর রহমান বলেন, ‘আমাদের সমিতির সদস্যদের মধ্যে ১২ জন আড়তদার আছেন। বিভিন্ন সময় তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু তাঁরা নানা হিসাব-নিকাশ করে যাননি। তবে এবার জেলা প্রশাসক ও পৌর মেয়র উদ্যোগী হওয়ায় ব্যবসায়ীরা কেন্দ্রে যেতে সম্মত হয়েছেন।’
মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক আবু সাঈদ ফিরোজ বলেন, সরকার এটা আড়তদারদের সুবিধার জন্যই নির্মাণ করেছে। চলতি মাসের ৩ তারিখে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক হয়েছে। আগামী মাসেই কেন্দ্রটি চালু হবে। বিদ্যুৎ-সংযোগের জন্য সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দেওয়া হবে।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ব্যবসায়ীরা সেখানে যাবেন বলে তাঁদের আশ্বস্ত করেছেন। দ্রুত মৎস্য অবতরণ কেন্দ্র চালু হবে। তবে ছোট ব্যবসায়ীরা আগের জায়গায় থেকেই মাছ বিক্রি করবেন।