
মুন্সিগঞ্জ সদর উপজেলায় দাখিল পরীক্ষা দিতে এসে একটি কেন্দ্রে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। চিকিৎসক বলছেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর একই কেন্দ্রে আরও তিন পরীক্ষার্থী অসুস্থ হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
মৃত শিক্ষার্থীর নাম মাহামুদুল হাসান (১৭)। সে টঙ্গিবাড়ী উপজেলার আপরকাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। মাহামুদুল পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল। অসুস্থ শিক্ষার্থীরা হলো পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শ্রাবন্তী আক্তার (১৭), মুন্সিগঞ্জ আদর্শ আলিম মাদ্রাসার মরিয়ম আক্তার ও ধীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী আরিফা আক্তার।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, আজ সকাল সোয়া নয়টার দিকে মাহামুদুলকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন তার বাবা আনোয়ার হোসেন। সাড়ে নয়টার দিকে কেন্দ্রে প্রবেশের কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়ে সে। অসুস্থতার কথা জানতে পেরে মাদ্রাসার শিক্ষকেরা দ্রুত তাঁকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর বলেন, ‘অন্যদিনের মতো আজকেও মাহামুদুল সকালে পরীক্ষা কেন্দ্রে এসেছিল। পরীক্ষা শুরু হওয়ার আগে কয়েকজন ছাত্র জানায় মাহামুদুল কথা বলার সময় মাথা ঘুরে পড়ে গেছে। তখন আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। হাসপাতাল থেকে চিকিৎসক জানিয়েছেন সে মারা গেছে।’
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস প্রথম আলোকে বলেন, মৃত অবস্থায় সকাল ১০টার দিকে ওই পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন ওই শিক্ষার্থী জন্মগতভাবে হৃদ্রোগে আক্রান্ত ছিল। ধারণা করা হচ্ছে, সে হৃদ্রোগে আক্রান্ত হয়েই মারা গেছে। এ ছাড়া এদিন একই কেন্দ্র থেকে আরও তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে আসে। তাঁদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছে। দুজন চিকিৎসা শেষে দুপুর ১২টার দিকে আবারও পরীক্ষা কেন্দ্রে চলে যায়।
মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ আল জুনায়েদ প্রথম আলোকে বলেন, ‘সকালে পরীক্ষা শুরু হওয়ার আগেই অন্য একটি কেন্দ্রে পরিদর্শনে যাই। সেখান থেকে জানতে পারি পঞ্চসার কেন্দ্রে একজন শিক্ষার্থী খুব বেশি অসুস্থ। পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর আগে কেন্দ্রটির দায়িত্বরত চিকিৎসকেরা তাকে হাসপাতালে পাঠান। পরে জানতে পারি সে মারা গেছে। কেন্দ্রটিতে অবস্থানকালে আরও তিন শিক্ষার্থীকে অসুস্থ দেখি। তাদের হাসপাতালে পাঠিয়েছি। স্বাস্থ্য পরিদর্শক বলছেন যে প্রচণ্ড গরম, পেটফাঁপা, শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মানসিক চাপে ওই তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়।’