
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচার বিভাগ মহান সংবিধানের শেষ রক্ষাকবচ। আইনজীবীরা সেই বিচার বিভাগেরই অবিচ্ছেদ্য অংশ। বার ও বেঞ্চ পরস্পরের পরিপূরক। একটি পাখির দুটি ডানা। পারস্পরিক শ্রদ্ধাহীনতা দুই পক্ষকেই সমানভাবে ক্ষতিগ্রস্ত করবে। ক্ষতিগ্রস্ত হবে পুরো বিচার বিভাগ।
আজ শনিবার দুপুর চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে আদালত বর্জনসহ বিচারককে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। আমি খুব করে বিশ্বাস করতে চাই, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। তবে ধারাবাহিকভাবে এটা ঘটতে থাকলে সাধারণ মানুষের মনে সংশয় জাগতে বাধ্য। আদালতের সম্মান রক্ষা করা আইনজীবীদের প্রাথমিক দায়িত্ব, তারপর বিচারকগণের ও প্রত্যেক নাগরিকের। আদালতের সম্মান রাখতে হবে পরস্পরের স্বার্থে, দেশের স্বার্থে। অন্যথায় উদ্ভূত নৈরাজ্যের কারণে বিচার বিভাগের প্রতি আস্থাহীনতা বেড়ে যাবে।’
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আইনজীবীদের উদ্দেশে আরও বলেন, ‘আদালত নিয়ে আপনাদের নিজস্ব মতামত থাকতেই পারে। সমস্যার সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে। বিচারকের সম্মান ও আপনাদের সম্মান একই সূত্রে গাঁথা। কোনো বিচারকের প্রতি যদি দুর্নীতির অভিযোগ থাকে, আমাকে জানাবেন। আমি অবশ্যই ব্যবস্থা নেব।’
বিচারপ্রার্থীদের আইনের প্রতিকার দেওয়ার তাগিদ দিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘স্বল্প সময়ে আইনের প্রতিকার দেওয়া আদালত ও আইনজীবী উভয়েরই দায়িত্ব। আসুন আমরা একাত্তরের রক্তদানকে সার্থক করব। বিচারের বাণীকে নিভৃতে কাঁদতে দেব না। আমরা দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত সমাজ গড়ে তুলব। আমরা একাত্তরে জিতেছি, আমরা অবশ্যই সাফল্য লাভ করব।’
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি জবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বাংলাদেশ আইন কমিশনের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর, জেলা ও দায়রা জজ আদীব আলী, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার, আইনজীবী সমিতির সদস্য রবিউল আলম, প্রবীণ আইনজীবী শাহজাহান বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব প্রমুখ।
শতবর্ষ অনুষ্ঠান উপলক্ষে সকালে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
তিনি আদালতে আসা বিচারপ্রার্থীদের বিশ্রাম ও বসার সুবিধার্থে ন্যায়কুঞ্জ ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ছাড়া আদালত চত্বর ও আইনজীবী সমিতি চত্বরে দুটি আমগাছ ও একটি কৃষ্ণচূড়াগাছ লাগান তিনি।