সিলেটে পশুহাট বসানো নিয়ে ২ কাউন্সিলরের সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

‌সিলেটে গরুর হাট বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে নগরের মা‌ছিমপুর এলাকায়
ছবি: প্রথম আলো

সিলেট নগরের মাছিমপুর এলাকায় পশুর হাট বসানো নিয়ে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁদের সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাছিমপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের মাছিমপুর এলাকার পশুর হাট বসানোর জন্য প্রতিবছর দরপত্র আহ্বান করে ইজারা দেয় জেলা পরিষদ। তবে দরপত্রের আগেই সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শারমিন আক্তারের স্বামী মনজু মিয়া ও তাঁর দুই ভাই মিলে হাটের জায়গায় বাঁশ দিয়ে খুঁটি দেওয়া শুরু করেন। এ সময় ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমদের ভাই হারুনুর রশিদ তাঁদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের পাঁচজন আহত হন। তাঁদের উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আলী মাহমুদ প্রথম আলোকে বলেন, পশুর হাট বসানোকে কেন্দ্র করে দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বৈধ ইজারাদারকেই হাট বুঝিয়ে দেবে পুলিশ।