ইউপি সদস্যপদে লড়ছেন মোটরসাইকেলে করে চা বিক্রি করা রনি

রনি আহম্মেদ ইউপি নির্বাচনে সদস্যপ্রার্থী
ছবি: প্রথম আলো

মোটরসাইকেলের দুই পাশে দুটি করে বড় বড় চারটি ফ্লাস্ক। এগুলো লোহার তৈরি ফ্রেমের মধ্যে রাখা। আসনের পেছনের দিকে আরেকটি লোহার তৈরি বাক্সের মতো ফ্রেমে রাখা হয়েছে ছোট ছোট প্লাস্টিকের কাপ, পানিসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। মোটরসাইকেলের সামনে–পেছনে লাগানো আছে একাধিক নির্বাচনী পোস্টার। পোস্টারে লেখা, ৫ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী মো. রনি আহম্মেদ। যখন যেখানে ফোন পাচ্ছেন, মোটরসাইকেলে চা নিয়ে সেখানেই ছুটে যাচ্ছেন। চা বিক্রির সঙ্গে সঙ্গে দোয়াও চেয়ে নিচ্ছেন নিজের জন্য।

গত বুধবার রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নে এই চা বিক্রেতার সঙ্গে দেখা। তিনি এবার এই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী। তাঁর প্রতীক ঘুড়ি। ১৭ জুলাই এই ইউনিয়নে এক যুগের বেশি সময় পর ভোট হবে। রনির বাড়ি ইউনিয়নের দহপাড়া গ্রামের তেঁতুলতলা এলাকায়। করোনার সময় থেকে তিনি মোটরসাইকেলে করে চা বিক্রি করেন। ২০২১ সালের ৮ জুন তাঁকে নিয়ে প্রথম আলো অনলাইনে ‘ফোন পেলেই চা নিয়ে হাজির রনি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

মো. রনি আহম্মেদ বলেন, করোনার সময় যখন তাঁর চায়ের দোকান বন্ধ হয়ে যায়, তখন থেকে ভ্রাম্যমাণ চা বিক্রি করা শুরু করেন। চা বিক্রির মাধ্যমে মানুষের কাছে যাওয়ার সুযোগ হয় সবচেয়ে বেশি। যে মানুষগুলো তাঁর চা পান করেন, তাঁরাই তাঁকে ভোটে দাঁড় করিয়ে দিয়েছেন। তাঁরাই তাঁর নির্বাচনী খরচ যতটুকু হয়, তা বহন করছেন। নির্বাচনী সেবা হিসেবে শুধু তিনি মানুষকে চা খাওয়াচ্ছেন, সেই টাকাও অনেকে দিয়ে দিচ্ছেন।

রনির সঙ্গে কথা হয় তেঁতুলতলা বাজারে। তিনি বলেন, সাত বছর বয়সে রনির মা মারা যান। দুই সন্তানকে রেখে বাবা বিয়ে করে অন্যত্র চলে যান। রনি ও তাঁর বোনের ঠাঁই হয় নানির সংসারে। নানা মারা গিয়েছিলেন আগেই। সংসার চালাতে শিশু বয়সে রনি তুলে নেন বাদামের ঝুড়ি। এরপর কিছুটা বড় হয়ে রনি ভ্যান চালাতে শুরু করেন। বিয়ের পর স্ত্রী আর দুই সন্তান নিয়ে সংসার চালাতে গিয়ে আর্থিক অনটনে পড়েন। এখন থেকে আট বছর আগে বাড়ির পাশে তেঁতুলতলা বাজারে ছোট একটি চায়ের দোকান দেন তিনি। যা পেতেন, তা দিয়ে সংসার চলে যেত।

করোনাকালে ২০২০ সালে রাজশাহীতে বিধিনিষেধ শুরু হলে চায়ের দোকান বন্ধ করতে বাধ্য হন রনি। সংসার চালাতে দুই ফ্লাস্কে করে চা নিয়ে হেঁটে হেঁটে বিক্রি শুরু করেন। তারপর ঋণ করে মোটরসাইকেলে চা বিক্রি শুরু করেন ওই বছর থেকেই। এতেই চলছে তাঁর সংসার। বর্তমানে তিনি প্রতিদিন ৪০০ কাপের মতো চা বিক্রি করেন। তাঁর চায়ের মধ্যে মসলাযুক্ত রং চা ৫ টাকা এবং ব্ল্যাক কফি, দুধ কফি ও দুধ চা ১০ টাকা করে। রনিকে চা বানানোর কাজে সহযোগিতা করেন তাঁর স্ত্রী রানু বেগম।

গ্রামের কয়েকজনের সঙ্গে কথা হয় রনির নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে। তাঁরা বলেন, এই ওয়ার্ডে আরও ছয়জন প্রার্থী আছেন। তাঁরা অর্থবিত্তে অনেক এগিয়ে। রনি চা বিক্রেতা হলেও এলাকার মানুষের বিপদে দাঁড়ান। ডাক দিলেই তাঁকে পাওয়া যায়।

গ্রামের তরুণ জামিউল ইসলাম বলেন, ‘রনি চাচাকে গ্রামের ছেলেপেলেরাই নির্বাচনে দাঁড়ানোর সাহস দিয়েছি। উনি সৎ মানুষ। আমরা তাঁর সঙ্গে আছি। তিনি আমাদের ওয়ার্ডের সবচেয়ে পরিচিত মানুষ।’ ফয়েজ উদ্দিন নামের একজন বলেন, রনি ছেলে ভালো। চা বিক্রি করে সংসার চালান। তাঁর মধ্যে ভালো কিছু করার চিন্তা আছে। এ কারণে তাঁকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এলাকার ভোটার আবু সালাম বলেন, রনি অন্য প্রার্থীদের চেয়ে আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকলেও তাঁর কাজ করার মনমানসিকতা আছে।

নির্বাচিত হলে এলাকার দরিদ্র মানুষের জন্য কাজ করবেন জানিয়ে মো. রনি আহম্মেদ বলেন, তাঁর টাকাপয়সা না থাকলেও তিনি মানুষকে ভালোবাসতে জানেন। সেই জোরেই মানুষ তাঁকে কাছে টেনে নেবেন বলে তাঁর বিশ্বাস।