প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বংশের নামে ‘মীরবাড়ী’র ফলক
প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বংশের নামে ‘মীরবাড়ী’র ফলক

নামকরণ নিয়ে বিতর্ক ওঠা বগুড়ার সেই চার ইউপিতে প্রশাসক নিয়োগ

নামকরণ নিয়ে চলমান বিতর্কের মধ্যেই বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নতুন সেই চারটি ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার নতুন চার ইউনিয়নে প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা।

শিবগঞ্জ উপজেলায় নবগঠিত মীরবাড়ী ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ পেয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান, মোকামতলা উপজেলায় স্বর্ণগ্রাম ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ পেয়েছেন শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সীমান্ত ইউনিয়নে প্রশাসক নিয়োগ পেয়েছেন শিবগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশল নাজমুল হোসাইন এবং দিগন্ত ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ পেয়েছেন শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন।

১১ জুন বগুড়া জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এতে শিবগঞ্জ উপজেলায় গঠিত নতুন ইউনিয়নের নামকরণ হয়েছে ‘মীরবাড়ী ইউনিয়ন’। অন্যদিকে নবঘোষিত মোকামতলা উপজেলায় গঠিত নতুন তিনটি ইউনিয়নের নামকরণ হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ ও ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গেজেট অনুযায়ী ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে স্বর্ণগ্রাম, সৈয়দপুর ইউনিয়ন ভেঙে সীমান্ত এবং দেউলী ইউনিয়ন ভেঙে দিগন্ত ইউনিয়ন গঠন করা হয়েছে।

অভিযোগ উঠেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পৈতৃক বাসভবন মীরবাড়ীর নামে শিবগঞ্জ উপজেলার নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে মীরবাড়ী। অন্যদিকে তাঁর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামানুসারে মোকামতলা উপজেলার নবগঠিত দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে যথাক্রমে সীমান্ত ও দিগন্ত।

বিষয়টি জাতীয় সংসদেও সমালোচনা হয়েছে। গত সোমবার জাতীয় সংসদে এ নিয়ে প্রশ্ন তোলেন জামায়াতে ইসলামীর দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। পরে প্রতিমন্ত্রী শাহে আলম এ বিষয়ে ব্যক্তিগত কৈফিয়ত দেন। সংসদে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক যাচাই-বাছাই করে গণশুনানি করে নতুন নামকরণ করেছেন। সৈয়দপুর ইউনিয়ন গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তে। সীমান্তবর্তী হওয়ায় এটার নাম করা হয়েছে ‘সীমান্ত’ ইউনিয়ন। আরেকটি গাইবান্ধার কাছে, এটি অনেক দূরবর্তী হওয়ায় এটার নাম রেখেছে ‘দিগন্ত’। দেশের বিভিন্ন জায়গায় সীমান্ত ও দিগন্ত নাম রয়েছে উল্লেখ করে শাহে আলম বলেন, ‘মিরাকেলি আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে ঠিকই। আমাদের সন্তানের নাম হচ্ছে মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি ইনটেনশন থাকত, তাহলে জেলা প্রশাসককে বলতাম “নাম রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত”। কিন্তু নামের আগে তো মীর নেই।’ সরকারি দলের সংসদ সদস্যরা এ সময় টেবিল চাপড়ে সমর্থন জানান প্রতিমন্ত্রীকে।

প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ সালের ১৮ ধারা অনুযায়ী নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য নবগঠিত ওই সব ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

বগুড়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা বলেন, নতুন চার ইউনিয়নে প্রশাসক নিয়োগের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেন শিবগঞ্জের ইউএনও। প্রস্তাব অনুযায়ী, স্থানীয় সরকার মন্ত্রণালয় চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ দিয়েছে।